বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও ফরিদপুর–৩ (সদর) আসনের পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য বর্ষিয়ান রাজনীতিবিদ চৌধুরী কামাল ইবনে ইউসুফের ৫ম মৃত্যুবার্ষিকী আজ (৯ ডিসেম্বর, মঙ্গলবার)।
এ উপলক্ষে চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি সংসদ, ফরিদপুরের উদ্যোগে আগামী ১৩ ডিসেম্বর শনিবার দুপুর ২টা ৩০ মিনিটে সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
এ ছাড়াও আজ বাদ ফজর ফরিদপুর মুসলিম মিশন এতিমখানায় পবিত্র কোরআন খতম, কলেমা শরীফ খতম, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হবে।
বরেণ্য এই রাজনীতিবিদ ১৯৪০ সালের ৩ মে ফরিদপুরের এক সম্ভ্রান্ত মুসলিম জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ইউসুফ আলী চৌধুরী (মোহন মিয়া) ছিলেন ব্রিটিশ ও পাকিস্তান আমলের নামকরা রাজনীতিবিদ ও সমাজসংস্কারক। পিতামহ চৌধুরী ময়েজউদ্দীন বিশ্বাস ছিলেন এলাকার জমিদার। তাঁর চাচা চৌধুরী আবদুল্লাহ জহিরউদ্দীন (লাল মিয়া) ছিলেন আইয়ুব খান সরকারের মন্ত্রী এবং আরেক চাচা এনায়েত হোসেন চৌধুরী ছিলেন পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য।
১৯৭৯ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে বিএনপি গঠিত হলে তিনি দলে যোগ দেন এবং পরবর্তীতে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। একই বছরে তিনি প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং ১৯৮১ সালে বিচারপতি আব্দুস সাত্তার সরকারের মন্ত্রী হন।
১৯৯১ সালে পুনরায় নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভায় স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনে জয়ী হয়ে ২০০১ সালে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীর দায়িত্ব পান।
২০২০ সালের ৯ ডিসেম্বর তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।






মন্তব্য