ইসরায়েল দাবি করেছে, ইরান থেকে তাদের ভূখণ্ডের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। একই সময়ে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহও ইসরায়েলের একটি সেনাঘাঁটি ও সীমান্ত এলাকায় হামলার কথা জানিয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী এক্সে দেয়া এক বিবৃতিতে বলেছে, তারা ইরান থেকে ইসরায়েলের দিকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। এর পরপরই সেগুলো প্রতিহত করার জন্য দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। খবর আল জাজিরার।
এদিকে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, তারা শনিবার ইসরায়েলি অবস্থান লক্ষ্য করে দুটি আলাদা হামলা চালিয়েছে। গোষ্ঠীটির পৃথক বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় সকাল ৯টা ৪৫ মিনিটে (গ্রিনিচ মান সময় ৭ টা ৪৫ মিনিট) ইসরায়েলের আক্রে শহরের পূর্বে অবস্থিত তজরিফিন সেনাঘাঁটিতে ক্ষেপণাস্ত্রের একটি বড় হামলা চালানো হয়।
এর কয়েক ঘণ্টা পর স্থানীয় সময় দুপুর ১২টা ৩০ মিনিটে (গ্রিনিচ মান সময় ১০টা ৩০ মিনিট) লেবাননের সীমান্ত শহর কফর কিলার ফাতিমা গেট ক্রসিংয়ের কাছে জড়ো হওয়া ইসরায়েলি সামরিক যানবাহনের ওপরও রকেট হামলা চালানোর দাবি করেছে সশস্ত্র গোষ্ঠীটি। হিজবুল্লাহ বলেছে, লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলের বিমান হামলার প্রতিক্রিয়া হিসেবে এসব হামলা চালানো হয়েছে।






মন্তব্য