বাড়ির সীমানা নিয়ে বিরোধ, ভাইয়ের হাতে বোন খুন

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভিমকালী ইউনিয়নে জমি-সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হাতে চাচাতো বোন খুন হয়েছেন। ইতোমধ্যে এ ঘটনায় চাচা মাহমুদ আলীকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৭ মে) বিকেলে জামালগঞ্জ থানার ওসি মীর মোহাম্মদ আবদুর নাসের এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুরে ওই ইউনিয়নের মল্লিকপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি মল্লিকপুর গ্রামের মৃত আনোয়ার হোসেনের স্ত্রী জেসমিন বেগম (৩৫)।

জানা যায়, মল্লিকপুর গ্রামের জেসমিন ও চাচা মাহমুদ বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। শনিবার দুপুরে জেসমিন বাড়ির সীমানা নির্ধারণ করতে গেলে চাচা মাহমুদ বাধা দেন। এ সময় তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে জেসমিনের চাচাতো ভাই আশিকুল দা দিয়ে জেসমিনের গলায় আঘাত করে। এ সময় জেসমিন মাটিতে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি মীর মোহাম্মদ আব্দুর নাসের জানান, শনিবার দুপুরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে

তিনি আরও জানান, এ ঘটনার সঙ্গে জড়িত চাচা মাহমুদ আলীকে আটক করা হয়েছে। ঘাতক আশিকুলকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য