বেনাপোল রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে ১.১৬৫ কেজি ওজনের ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (১৭ অক্টোবর) সকালে বিজিবির যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এ স্বর্ণ উদ্ধার করে। এসব স্বর্ণের বর্তমান বাজার মূল্য ৯৩ লাখ ২০ হাজার টাকা।
বিজিবির যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ১১টার দিকে বেনাপোল রেলস্টেশন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মুন্সিগঞ্জের সিরাজদিখান থানার বিক্রমপুর নিমতলা গ্রামের মৃত বিমলেন্দু বিশ্বাসের ছেলে অনিক কুমারকে (৩০) আটক করা হয়। তিনি ঢাকা থেকে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আসছিলেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে জুতায় স্বর্ণ থাকার বিষয়টি স্বীকার করেন।
এরপর ট্রেন থেকে নামিয়ে তার শরীর ও জুতা তল্লাশি করা হয়। জুতার মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অনুমানিক ১.১৬৫ কেজি ওজনের ১০টি স্বর্ণের বার পাওয়া যায়। উদ্ধার করা স্বর্ণের বাজার মূল্য ৯৩ লাখ ২০ হাজার টাকা। তার কাছ থেকে মোবাইল ফোন, পাওয়ার ব্যাংক ও ৩ হাজার ৩০ টাকা জব্দ করা হয়।
উদ্ধার করা স্বর্ণ, অন্যান্য মালামাল ও আটক ব্যক্তিকে বেনাপোল পোর্ট থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়েছে।






মন্তব্য