শিবচরে উপজেলা চেয়ারম্যান বাবার প্রথম মৃত্যুবার্ষিকীর দিনে মারা গেলেন ছেলে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহফুজুর করিম তালুকদার মাসুম (ইন্নানিল্লাহি……রাজিউন)। রবিবার দুপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মাত্র ৩৮ বছর বয়সে তার মৃত্যু হয়। তার বাবা বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম তালুকদার বাংলাদেশ আওয়ামীলীগ জাতীয় কমিটির সাবেক সদস্য, শিবচর উপজেলা আওয়ামীলীগের সাবেক সফল সভাপতি, শিবচর উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান ছিলেন। গত বছর এই দিনেই তার মৃত্যু হয়।
মাসুম তালুকদার অনেকদিন ধরে হার্ট ও লিভারের সমস্যায় ভুগছিলেন। রবিবার দুপুরে হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে অসুস্থ্য হয়ে পড়লে চিকিৎসার জন্য তাকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেন তার পরিবারের সদস্যরা। পথে পাঁচ্চর নামক স্থানে পৌঁছালে মারা যান তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। রবিবার বাদ মাগরিব দ্বিতীয়খন্ড ইউনিয়নের তালুকদারকান্দি গ্রামে মরহুমের নিজ বাড়িতে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়। মাহফুজুর করিম তালুকদার গত ইউপি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দ্বিতীয়খন্ড ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।






মন্তব্য