শুক্রবার সকালে ঢাকা পৌঁছবেন জুবাইদা রহমান

  • নিজস্ব প্রতিবেদক
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫ ১২:১২:০০
  • কপি লিঙ্ক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নিতে যুক্তরাজ্যের স্থানীয় সময় আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশের পথে রওনা হচ্ছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। তিনি শুক্রবার সকাল ৯টা ৩৫ মিনিটে ঢাকা পৌঁছবেন বলে আশা করা হচ্ছে। 

লন্ডনের স্থানীয় সময় আজ সন্ধ্যায় (বাংলাদেশের সময় অনুযায়ী প্রায় মধ্যরাত) জুবাইদা রহমান ঢাকার উদ্দেশে রওনা হচ্ছেন বলে বিএনপির সূত্রগুলো জানিয়েছে। তারা বলছে, আগামীকাল শুক্রবার দিনের প্রথমার্ধে তিনি ঢাকায় পৌঁছাতে পারেন।

পরে শাশুড়িকে দেখতে সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যেতে পারেন জুবাইদা রহমান। খালেদা জিয়ার সঙ্গে লন্ডনযাত্রায়ও শরিক হতে পারেন ডা. জুবাইদা।
এ বিষয়ে বিএনপির তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামান নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, ডা. জুবাইদা রহমান আগামীকাল (শুক্রবার) সকাল ৯টা ৩৫ মিনিটে ঢাকা পৌঁছবেন।

এর আগে আজ বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে জানান, জুবাইদা রহমান আজ বৃহস্পতিবারই বাংলাদেশের উদ্দেশে রওনা হচ্ছেন।

তিনি লেখেন, ‘জুবাইদা রহমান আজই দেশের উদ্দেশে রওনা হয়ে কাল (শুক্রবার) সকালে ঢাকা পৌঁছানোর চেষ্টা করবেন, যেন সঙ্গে থেকে দেশনেত্রীকে কাতারের অত্যাধুনিক এয়ার অ্যাম্বুল্যান্সে লন্ডন নিয়ে যেতে পারেন। তবে এর আগেই যদি ফ্লাইটের ব্যবস্থা করা যায় কিংবা তাঁর আসা না হয়, সেই বিবেচনায় লন্ডনের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল ইতিমধ্যে ঢাকায় এসেছেন। ম্যাডামের পুত্রবধূ সৈয়দা শামিলা রহমান, কয়েকজন চিকিৎসক ও কর্মকর্তাও এয়ার অ্যাম্বুল্যান্সে সার্বক্ষণিক পাশে থাকবেন বলে জানা গেছে।’

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য