ব্যান্ড পার্টির সুরের মূর্ছনা আর "প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ" স্লোগানে মুখরিত হয়ে উঠেছিল ফরিদপুরের আলফাডাঙ্গার রাজপথ। গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭ বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতে এক বর্ণাঢ্য উৎসবের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলামের (নাসির) পৃষ্ঠপোষকতায় উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে বুধবার (৩ সেপ্টেম্বর) এই জমকালো কর্মসূচি পালিত হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এদিন বিকেলে উপজেলা বিএনপির কার্যালয় থেকে এক বিশাল ও বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালির অগ্রভাগে থাকা ব্যান্ড পার্টির তালে তালে সহস্রাধিক নেতাকর্মী পৌর বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেন। এ সময় তাদের সম্মিলিত স্লোগানে পুরো এলাকায় এক উৎসবমুখর ও উদ্দীপনামূলক পরিবেশের সৃষ্টি হয়। র্যালিতে স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
র্যালি শেষে দলীয় কার্যালয়ে এক সংক্ষিপ্ত কিন্তু প্রাণবন্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল মান্নান মিয়া আব্বাসের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. নূর জামাল খসরুর নিপুণ সঞ্চালনায় সভায় নেতারা দলের ভবিষ্যৎ কর্মপন্থা ও প্রত্যয় তুলে ধরেন।






মন্তব্য