হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ৬ শর্ত দিল ইরান, যা আছে এতে

  • ডেস্ক
  • রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ০৩:০৮:০০
  • কপি লিঙ্ক

বৈশ্বিক তেল ও জ্বালানি পরিবহনের অন্যতম প্রধান রুট হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ছয়টি শর্ত দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের একজন কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্র তাদের নীতিতে পরিবর্তন না আনা পর্যন্ত গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ বন্ধই থাকবে।

সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড বলছে, শর্তগুলোর মধ্যে ইরানের সর্বোচ্চ নেতার বিরুদ্ধে হুমকি দেয়া বন্ধ করা, ইরান ও তার আঞ্চলিক মিত্রদের বিরুদ্ধে সামরিক অভিযান স্থায়ীভাবে বন্ধ করা এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো বিষয়ও রয়েছে।

শনিবার (৮ আগস্ট) এক বিবৃতিতে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহাম্মদ বাঘের জোলঘাদর বলেন, গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ পুনরায় খুলতে হলে যুক্তরাষ্ট্রকে আগে তাদের ‘আচরণ সংশোধন’ করতে হবে।

ইরানের দেয়া ছয়টি শর্ত হলো—

১. ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির বিরুদ্ধে হুমকি বন্ধ করতে হবে।

২. ইরান ও দেশটির আঞ্চলিক মিত্রদের বিরুদ্ধে সামরিক অভিযান স্থায়ীভাবে বন্ধ করতে হবে।

৩. ইরানের ওপর আরোপ করা নৌ অবরোধে যুক্তরাষ্ট্রের যেসব নৌ ও বিমান বাহিনী অংশ নিচ্ছে, সেগুলো প্রত্যাহার করতে হবে।

৪. সাম্প্রতিক সংঘাতের সময় ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার জন্য ক্ষতিপূরণ দিতে হবে।

৫. যুক্তরাষ্ট্রকে ইরানের ওপর আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।

৬. বিদেশে আটকে থাকা ইরানের সম্পদ বা অর্থ ছেড়ে দিতে হবে।

জোলঘাদর বলেন, এসব দাবি ইরানের জনগণের ইচ্ছার প্রতিফলন। এ বিষয়ে গত ছয় দিন ধরে দেশজুড়ে অনুষ্ঠিত সমাবেশের কথাও উল্লেখ করেন তিনি। তিনি বলেন, ‘যুদ্ধ হোক বা আলোচনা—সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এসব দাবি থেকে পিছিয়ে যাবে না।’

টিআরটি ওয়ার্ল্ড বলছে, হরমুজ প্রণালিতে নৌ-চলাচলের ভবিষ্যৎ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনায় অচলাবস্থার মধ্যেই ইরানের পক্ষ থেকে এসব শর্ত দেয়া হলো।

এর আগে গত ১৮ জুন পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্র একটি সমঝোতা স্মারকে সই করেছিল। এর মাধ্যমে দুই দেশের সরাসরি সামরিক সংঘাত বন্ধ হয় এবং আরও বিস্তৃত একটি চুক্তির লক্ষ্যে আলোচনা শুরুর কথা ছিল।

ওই সমঝোতা স্মারকে হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল ধীরে ধীরে স্বাভাবিক করার পরিকল্পনা ছিল। তবে পরে দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে সমঝোতার শর্ত লঙ্ঘনের অভিযোগ তোলায় এর বাস্তবায়ন আটকে যায়।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য