ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। ফরিদপুর–৪ সংসদীয় আসনের (সদরপুর–চরভদ্রাসন–ভাঙ্গা) সদরপুর উপজেলায় শেষ মুহূর্তে জমজমাট প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থী ও তাঁদের সমর্থকরা। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। অন্যদিকে সাধারণ ভোটারদের প্রত্যাশা—অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন।
এই আসনে মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও ভোটের মাঠে মূলত তিনজন প্রার্থীই সক্রিয় রয়েছেন। তারা হলেন বিএনপির প্রার্থী শহিদুল ইসলাম বাবুল, জামায়াতে ইসলামীর প্রার্থী সরোয়ার হোসাইন এবং স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগ। শেষ মুহূর্তে তারা সবাই বিরামহীনভাবে উঠান বৈঠক, গণসংযোগ ও পথসভা চালিয়ে যাচ্ছেন।
প্রার্থীদের পাশাপাশি সমর্থকরাও থেমে নেই। তারা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নিজ নিজ পছন্দের প্রার্থীর জন্য ভোট প্রার্থনা করছেন। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে ৭টা থেকে সব ধরনের নির্বাচনী প্রচারণা বন্ধ হয়ে যাবে। তাই নির্ধারিত সময়ের আগেই ভোটারদের মন জয় করতে মরিয়া হয়ে উঠেছেন প্রার্থী ও সমর্থকরা।
সদরপুর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, চায়ের দোকান, হাট-বাজার, গ্রামগঞ্জে শেষ মুহূর্তের প্রচারণা নিয়ে চলছে ব্যাপক আলোচনা। প্রার্থীদের সমর্থকরা হ্যান্ডবিল হাতে গ্রামে গ্রামে ঘুরছেন। কেউ এককভাবে, কেউ দলবদ্ধভাবে ভোটারদের সঙ্গে কথা বলছেন।
পুরুষ সমর্থকদের পাশাপাশি নারীরাও ব্যাপকভাবে নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন। তারা বাড়ি বাড়ি গিয়ে মা-বোনদের কাছে নিজ নিজ প্রার্থীর জন্য ভোট প্রার্থনা করছেন। শেষ মুহূর্তে থেমে নেই নির্বাচনী গণমিছিলও। বিভিন্ন পাড়া-মহল্লায় একাধিক প্রার্থীর সমর্থকদের মিছিল চোখে পড়েছে।
স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা ভোটের দিন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট দিতে চান। অনেক ভোটারই জানান, জয়-পরাজয় যাই হোক না কেন, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা জরুরি।
এক নারী ভোটার বলেন, “আমরা শান্তিতে ভোট দিতে চাই। আল্লাহ যার কপালে পাশ লিখে রেখেছেন, সেই পাশ করবে। কিন্তু কোনো গ্যাঞ্জাম-ফ্যাসাদ আমরা চাই না।”
এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ইতোমধ্যেই ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত ও ভোটারদের নির্বিঘ্নে ভোট দেওয়ার জন্য টহল জোরদার করেছেন।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ফরিদপুর–৪ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯০ হাজার ৯৯১ জন। এর মধ্যে সদরপুর উপজেলায় ভোটার ১ লাখ ৭৬ হাজার ২৬২ জন। পুরো আসনে মোট ভোটকেন্দ্র ১৮৯টি, যার মধ্যে সদরপুর উপজেলায় কেন্দ্র রয়েছে ৬৮টি।






মন্তব্য