ফরিদপুরের সদরপুর উপজেলার সীমান্তবর্তী বাকপুরা ও মাইঝাইল গ্রাম থেকে দুইজন মসজিদের ইমামকে আটক করেছে ভাঙ্গা থানা পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আটককৃতরা নিজেদের মুসলিম পরিচয়ে দীর্ঘদিন মসজিদে ইমামতি করলেও গোপনে খ্রিস্টান ধর্মের দাওয়াতি কার্যক্রমে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
আটক ব্যক্তিরা হলেন—ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের পশ্চিম মাইঝাইল জামে মসজিদের ইসলামিক মিশনের দায়িত্বপ্রাপ্ত ইমাম মুফতি হাবিবুল্লাহ বাহার (৫৫) এবং বাকপুরা জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি সারওয়ার বিন কাশেম।
ঘটনাটি ঘটে বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে কাউলিবেড়া ইউনিয়নের বাকপুরা গ্রামে। গোপন সংবাদের ভিত্তিতে এসআইপি সদস্য নায়েক মো. জাহাঙ্গীর আলম ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের অভিযোগ গ্রহণ করেন। পরে এলাকাবাসীর সহযোগিতায় অভিযুক্ত দুইজনকে আটক করে ভাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আটককৃতরা একটি মিশনের অধীনে মুসলিমদের খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করার কাজে নিয়োজিত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী মাইঝাইল গ্রামের বাসিন্দা মো. শফিকুল ইসলাম জানান, কিছুদিন আগে মাইঝাইল জামে মসজিদের ইমাম হাবিবুল্লাহ বাহার তাকে প্রলোভন দেখিয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণের আহ্বান জানান। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তিনি কৌশলে ইমামদের সঙ্গে যোগাযোগ বজায় রেখে বিষয়টি এলাকাবাসীকে অবহিত করেন। বুধবার তাকে ধর্মান্তরের কথা বলা হলে তিনি বিষয়টি প্রকাশ করলে এলাকাবাসী অভিযুক্তদের আটক করে পুলিশে সোপর্দ করে।
এ বিষয়ে ভাঙ্গা থানা পুলিশ জানায়, আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং অভিযোগ যাচাই-বাছাই শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।






মন্তব্য