দিনাজপুরের নবাবগঞ্জে পাওনা টাকা চাওয়ায় রড দিয়ে পিটিয়ে মোশারফ হোসেন (৩৫) নামের এক পান দোকানিকে হত্যার অভিযোগ উঠেছে একই এলাকার নুরুন্নবী (২৫) নামের এক যুবকের বিরুদ্ধে।
আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বিনোদনগর ইউনিয়নের তাহেরগঞ্জ বাজার বটতলীমোড় এলাকায় এঘটনা ঘটে। নিহত মোশারফ হোসেন ওই বিনোদনগর ইউনিয়নের নারায়নপুর মাটিখোড়া এলাকার মোতাহার রহমানের ছেলে। অভিযুক্ত নুরুন্নরী ওই এলাকার তফিজ উদ্দিনের ছেলে।
নবাবগঞ্জ থানার ওসি তাওহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবারের বরাত দিয়ে বিনোদনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সোহেল রানা বলেন, ‘তাহেরগঞ্জ বাজারের পাশে বটতলী এলাকায় ছোট একটি পানদোকান করতেন মোশারাফ হোসেন। ওই দোকানে বাকিতে খরচ করতেন নুরুন্নবী। আজ সকালে বাকিতে খরচ নিতে আসলে মোশারফ হোসেন আগের পাওনা টাকা চাইলে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়।
পরে দুপুরের দিকে নুরুন্নবী ও তার পিতা লাঠি ও লোহার রড নিয়ে মোশারফ হোসেনের দোকানের ভেতরে এলোপাথাড়ি আঘাত করে পালিয়ে যান।’
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মোশারফকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক রবিউল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।
নবাবগঞ্জ থানার ওসি তাওহীদুল ইসলাম বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এলোপাথাড়ি আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে।
অভিযুক্তকে আটকের চেষ্টা অব্যাহত আছে।’






মন্তব্য