আগামীতে ভোট দিবেন উন্নয়ন ও মূল্যায়নের পক্ষে: নিক্সন চৌধুরী 

  • সদরপুর অফিস:
  • বুধবার, ০২ আগস্ট ২০২৩ ০৩:০৮:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন আগামীতে ভোট দিবেন উন্নয়ন ও মূল্যায়নের পক্ষে। 

তিনি বলেন, আমার প্রতিদ্বন্দ্বী কাজী জাফর উল্লাহ্‌ তার স্ত্রী ও চাচা এই এলাকায় ৩৫ বছর এমপি মন্ত্রী হয়েছেন। তারা কয়টি সড়ক সেতু নির্মাণ করেছেন ও মহামারী করোনার সময় কোথায় ছিলেন জনগণ জানতে চায়। আমি নৌকামার্কা চাইব, যদি ষড়যন্ত্র করে আমাকে এই আসনে নৌকামার্কা না দেয়া হয় তবে তিন উপজেলার জনগণ যে সিদ্ধান্ত দেয় তা আমি মাথা পেতে নেব।  

তিনি আরও বলেন, জননেত্রী ও দেশ উন্নয়নের রূপকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট আমার আকুল আবেদন ফরিদপুর ৪ আসনের মনোনয়ন আপনার একক সিদ্ধান্তে দিবেন বলে আমি অনুরোধ রাখছি। 

তিনি মঙ্গলবার বিকেলে সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের চরডুবাইল লালমোল্যার ডাঙ্গী গ্রামে নিক্সন চৌধুরী সংঘ ক্লাব উদ্বোধন ও যোগদান অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। অনুষ্ঠানে কাজী জাফর উল্লাহ্‌ সমর্থক ও বিভিন্ন দল থেকে নেতাকর্মীরা ফুলের তোড়া দিয়ে নিক্সনের সমর্থনে যোগদান করেন। 

যুবলীগ নেতা ও সদরপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্মআহ্বায়ক এডভোকেট সায়েদীদ গামাল লিপুর সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে বিভিন্ন নেতাকর্মীরা বক্তব্য রাখেন। 

এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহাদাত হোসেন, সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান শিকদার, জেলা পরিষদ মহিলা সদস্য কোহিনুর বেগম, সদস্য এখলাস উদ্দীন ফকিরসহ নিক্সন সমর্থক হাজার হাজার নেতাকর্মী।  

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য