প্রধানমন্ত্রীর দেয়া মসজিদের অনুদানের টাকা আত্মসাতের অভিযোগে মসজিদের খতিবকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলার শুকানপুকুরী ইউনিয়নের কার্তিকতলা বাজারে জয়নাল আবেদিন ওরফে মণ্ডল (৪০) নামের ওই খতিবকে আটক করে এ দণ্ড দেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ-আল-মামুন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাননীয় প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও জেলার ৩ হাজার ৩৫৩টি মসজিদে ৫০০০টাকা করে মোট ১ কোটি ৬৭ লক্ষ ৬৫ হাজার টাকা অনুদান দিয়েছেন। নিয়মঅনুযায়ী সকল মসজিদের ইমাম অথবা সভাপতি এ টাকা উত্তোলনের কথা থাকলেও ব্যাংক রুল বুঝারিপাড়া মসজিদের খতিব জয়নাল আবেদিন তিনজনকে ভুয়া ইমাম দেখিয়ে তিনি একাই তিনটি মসজিদের টাকা আত্মসাত করেন।
পরে বিষয়টি জানাজানি হলে তিনি ৫০০০হাজার টাকার পরিবর্তে ওই তিন মসজিদের ইমামদেরকে ২৫০০ ও ৩৫০০ করে টাকা হাতে তুলে দেন।
এ বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করলে তিনি সেখানে ছুটে যান। পরে ঘটনার সত্যতা স্বীকার করলে ওই খতিবকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন ইউএনও।






মন্তব্য