জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী “আনন্দ ভ্রমণ ২০২৫”। শিক্ষার্থী, শিক্ষক ও সাবেক শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে পুরো আয়োজনটি ছিল উৎসবমুখর ও প্রাণবন্ত।
ভ্রমণ শুরু হয় সকাল ৮টায় রিপোর্টিংয়ের মাধ্যমে। সকাল ৮.৩০টায় বাসে যাত্রা করে অংশগ্রহণকারীরা পৌঁছে যায় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে। সেখানে সকালের নাস্তা ও খেলাধুলা শেষে গ্রুপ ফটোসেশনের আয়োজন করা হয়। এরপর ভ্রমণকারীরা রওনা দেন মূল গন্তব্য কেরানীগঞ্জের “শরীফ ফুড কোর্ট এন্ড ড্রিম পার্ক”-এর উদ্দেশ্যে।
রিসোর্টে পৌঁছে শিক্ষার্থীরা অংশ নেন সুইমিং, রাইড, খেলাধুলা, মধ্যাহ্নভোজ ও সাংস্কৃতিক আয়োজনে। বিকেলে অনুষ্ঠিত হয় র্যাফেল ড্র ও নাস্তার আয়োজন। পুরোদিনব্যাপী এই আনন্দযাত্রা আনন্দ, হাসি ও স্মৃতিমধুর মুহূর্তে পরিপূর্ণ ছিল।
আয়োজনে বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয় বিভাগের চেয়ারম্যান ড. মো. আশরাফুল আলমের প্রতি, যাঁর দায়িত্বশীল নেতৃত্ব ও সার্বিক সহযোগিতায় আয়োজনটি সফল হয়।
আনন্দ ভ্রমণ কমিটির আহ্বায়ক ও বিভাগের শিক্ষক মো. রাইসুল ইসলাম বলেন, “সবার আন্তরিক অংশগ্রহণে আনন্দ ভ্রমণটি হয়ে উঠেছে স্মরণীয়। তবে আমরা গভীরভাবে মিস করেছি সেইসব প্রিয় মুখ, যারা বিভিন্ন কারণে অংশ নিতে পারেননি।”
এমন একটি প্রাণবন্ত আয়োজনে সবাইকে সঙ্গে পেয়ে গর্বিত ও কৃতজ্ঞ বিভাগ কর্তৃপক্ষ।






মন্তব্য