নির্বাচন দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এদিন ভোটাররা তাদের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। ইতোমধ্যে রাজনৈতিক দলগুলোর প্রচার-প্রচারণা শেষ হয়েছে, আর দেশজুড়ে নির্বাচন সংশ্লিষ্টরা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণের প্রস্তুতি নিয়েছেন।
ভোট দেওয়া শুধু একটি নাগরিক দায়িত্ব নয়, এটি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণের প্রতীক। বিশেষ করে যারা প্রথমবার ভোট দিচ্ছেন, তাদের জন্য ভোট দেওয়ার নিয়মগুলো জানা থাকলে পুরো প্রক্রিয়াটি হবে সহজ ও ঝামেলাহীন।
উল্লেখ্য, এবারের জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করা হচ্ছে না। সম্পূর্ণ সনাতন পদ্ধতিতে, অর্থাৎ কাগজের ব্যালট ও ব্যালট বাক্সের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে।
ভোট দেওয়ার ধাপগুলো এক নজরে—
১. ভোটার তথ্য যাচাই
ভোটকেন্দ্রে যাওয়ার আগে জেনে নিন আপনার নির্ধারিত ভোটকেন্দ্র ও ভোটার তালিকার ক্রমিক নম্বর। তথ্য জানা যাবে—
নির্বাচন কমিশনের Smart Election Management BD অ্যাপ
হটলাইন ১০৫ (৯ চাপলে অপারেটরের সঙ্গে কথা বলা যাবে)
এসএমএস: PC NID লিখে পাঠান ১০৫-এ
নির্বাচন কমিশনের ওয়েবসাইট বা স্থানীয় নির্বাচন অফিস থেকে
২. ভোটকেন্দ্রে উপস্থিতি
ভোটগ্রহণ চলবে সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত।
জাতীয় পরিচয়পত্র সঙ্গে রাখা ভালো, তবে বাধ্যতামূলক নয়। ভোটকেন্দ্রে দাহ্য পদার্থ বা অস্ত্র বহন নিষিদ্ধ।
৩. ভোটার তালিকায় নাম যাচাই
পোলিং অফিসার ভোটার তালিকায় আপনার নাম এবং ক্রমিক নম্বর যাচাই করবেন। ভোটার তালিকায় নাম ও ছবি মিললেই ভোট দেওয়া সম্ভব। সবকিছু ঠিক থাকলে ভোটারের বাম হাতের বৃদ্ধাঙ্গুলে বা অন্য কোনো আঙুলে অমোচনীয় কালির দাগ দেবেন। কোনো সমস্যা হলে পোলিং অফিসারের সঙ্গে যোগাযোগ করুন, তারা আপনাকে সঠিক দিকনির্দেশনা দেবেন।
৪. ব্যালট গ্রহণ
ভোটার দুটি ব্যালট পাবেন—
সংসদ নির্বাচনের জন্য সাদা ব্যালট, গণভোটের জন্য গোলাপি ব্যালট।
ব্যালট পেপারের পেছনে অবশ্যই অফিশিয়াল সিল এবং প্রিসাইডিং অফিসারের স্বাক্ষর আছে কি না দেখে নিতে হবে। ব্যালট গ্রহণের সময় নিশ্চিত করুন যে, এটি সম্পূর্ণ নিরাপদ এবং অন্য কেউ দেখছে না।
৫. ব্যালট পূরণ ও ভাঁজ
ব্যালট পেপার নেওয়ার প্রক্রিয়া শেষে ভোট প্রদানের জন্য নির্ধারিত গোপন কক্ষে যেতে হবে। ভোটের গোপনীয়তা রক্ষা এবং ভোটটি যেন বাতিল না হয়, সে জন্য ব্যালট ভাঁজ করা প্রত্যেক ভোটারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যালটে পছন্দের প্রার্থীর প্রতীকের ওপর রাবার স্ট্যাম্প দিয়ে স্পষ্ট করে সিল দিতে হবে। গণভোটে হ্যাঁ/না ভোট আলাদা ব্যালটে সিল দিতে হবে। সিল দেওয়ার পর ব্যালট পেপার এমনভাবে ভাঁজ করতে হবে যেন সিলের কালি অন্য কোনো প্রতীকের ওপর না লাগে। সাধারণত লম্বালম্বিভাবে ভাঁজ করা নিরাপদ। ব্যালটের কোনো অংশ ভাঙবেন বা অন্য কারো নজরে আসবে এমনভাবে দেখাবেন না।
৬. ব্যালট বাক্সে ফেলা
ভাঁজ করা ব্যালট সংশ্লিষ্ট স্বচ্ছ ব্যালট বাক্সে ফেলুন। নিশ্চিত করুন ব্যালটটি সঠিকভাবে বাক্সে পড়েছে।
৭. ভোট দেওয়ার নিশ্চিতকরণ
ভোট দেওয়া শেষ হলে নিশ্চিত হোন যে আপনার ভোট গোপন ও সুরক্ষিত রয়েছে। এরপর দ্রুত ভোটকেন্দ্র ত্যাগ করুন।
নির্বাচন কমিশন আশা করছে, ভোটারদের সক্রিয় অংশগ্রহণে এবারের নির্বাচন হবে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর। সঠিক নিয়ম অনুসরণ করে ভোট দিলে গণতন্ত্র আরও শক্তিশালী হবে—এই প্রত্যাশাই সবার।






মন্তব্য