আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আজমত উল্লা খানকে হারিয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন।
গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৭ ওয়ার্ডের ৪৮০টি কেন্দ্রের মধ্যে ৪৮০ কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে।
এই কেন্দ্রগুলোতে স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন পেয়েছেন ২ লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আজমত উল্লা খান পেয়েছেন ২ লক্ষ ২২ হাজার ৭৩৭ ভোট। ১৬ হাজার ১৯৭ ভোটে এগিয়ে থেকে বিজয়ী হয়েছেন জায়েদা খাতুন।
বৃহস্পতিবার রাত ১টা ৪০ মিনিটে এ রিপোর্ট লেখা পর্যন্ত এ তথ্য পাওয়া গেছে।
এরআগে গাজীপুর সিটি করপোরেশন নিবাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এখন চলছে গণনা। বৃহস্পতিবার (২৫ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। কিছু কিছু কেন্দ্রে ইভিএমে ধীরগতি ও জটিলতা ছিল বলে অভিযোগ করেছেন ভোটাররা। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
সকালের দিকে শহরের কয়েকটি কেন্দ্রে ভোটারদের উপচেপড়া ভিড় থাকলেও দুপুরের দিকে ভোটারদের উপস্থিতি কম ছিল। ভোটকেন্দ্রগুলোতে পুরুষ ভোটারের থেকে নারী ভোটারের উপস্থিতি বেশি ছিল। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে মেয়র পদে আটজন ও কাউন্সিলর পদে ২৪৮ জন এবং নারী কাউন্সিলর পদে ৭৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সিটিতে মোট ভোটার ১১ লাখ ৭৯ হাজার ৪৭৬ জন। তাদের মধ্যে পাঁচ লাখ ৯২ হাজার ৭৬২ জন পুরুষ ও পাঁচ লাখ ৮৬ হাজার ৬৯৬ জন নারী। ১৮ জন তৃতীয় লিঙ্গের ভোটার।




.jpg)

মন্তব্য