স্বপ্ন'র উদ্যোগে উদ্যোক্তা হচ্ছেন সেই রিকশাচালক

  • ডেস্ক
  • বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২০ ১১:৩৯:০০
  • কপি লিঙ্ক

গত সোমবার (৫ অক্টোবর) জিগাতলা এলাকায় ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদে অভিযান চালায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। বেশ কয়েকটি অটোরিকশা তুলে নিয়ে যাওয়া হয় ট্রাকে করে।

ওইসময় সেখানে ছিল ফজলুর রহমান নামের এক ব্যক্তির রিকশা। নিজের একমাত্র সম্পদ রিকশাটি তুলে নেওয়ার পর কান্নায় ভেঙে পড়েন ফজলুর রহমান। করোনাভাইরাস মহামারির মধ্যে দোকানের কাজ হারিয়ে ১৫ দিন আগে ৮০ হাজার টাকা ধার-দেনা করে তিনি কিনেছিলেন ব্যাটারিচালিত রিকশাটি। তাঁর কান্নার প্রধান কারণ ছিল সংকটকালের অবলম্বনটি হারানো। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক গণমাধ্যমের তোলা তাঁর কান্নার বেশকিছু ছবি ফেসবুকে ভাইরাল হয়।

ফজলুর রহমানের কান্নার ছবি চোখে পড়ে স্বপ্ন'র নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসিরের। তিনি সঙ্গে সঙ্গে যোগাযোগ করতে বলার পর গতকাল বুধবার (৭ অক্টোবর)  সন্ধ্যায় সেই ফজলুরের সঙ্গে দেখা করেন স্বপ্ন'র হেড অব মার্কেটিং তানিম করিম, মানবসম্পদ বিভাগের প্রধান শাহ মো. রিজভী রনী এবং মিডিয়া-পাবলিক রিলেশন ম্যানেজার কামরুজ্জামান মিলু।  স্বপ্নের উদ্যোগে উদ্যোক্তা হওয়ার বিষয়টি জানার পর ফজলুর রহমান রাজি হয়ে যান। উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। কারণ তিনি এখন দুটি রিকশার মালিক। আরো একটি রিকশা একজন তাঁকে সহযোগিতা করবেন বলেও ফজলুর জানান।

রিকশাগুলো স্বপ্ন'র হোম ডেলিভারি সার্ভিসে কাজে লাগাতে চান ফজলুর রহমান, হতে চান একজন উদ্যেক্তা। সেইসঙ্গে স্বপ্ন'র অফার লেটারও হাতে তুলে নেন। এটি তাঁর হাতে বুধবার সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ের এক রেস্তোরাঁয় স্বপ্ন'র পক্ষ থেকে হাতে তুলে দেন মানবসম্পদ বিভাগের প্রধান শাহ মো. রিজভী রনী। এভাবেই স্বপ্নের উদ্যোগে উদ্যোক্তা হচ্ছেন এবার রিকশাচালক ফজলুর রহমান।

ফজলুর রহমান বলেন, 'আমার দেশের বাড়ি কুমিল্লা। একটা সময় সিনজির গ্যারেজে কাজ শিখতাম। তারপর টুকটাক করে টাকা জমিয়ে ধার করে রিকশাটা কিনেছিলাম। সেই রিকশা হারানোর পর কী কষ্ট হচ্ছিল বোঝাতে পারবো না। কিন্তু আজ আমার খুব ভালো লাগছে। ভেতরের আনন্দটা এখন আর বোঝাতে পারব না। ভালো একজন উদ্যোক্তা হয়ে ব্যবসটা ভালোভাবে চালিয়ে যেতে চাই। স্বপ্নকে ধন্যবাদ জানাচ্ছি।'  

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য