যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাবেক ব্যক্তিগত অফিস ও ডেলওয়ারের বাড়ি থেকে গোপনীয় সরকারি নথি উদ্ধারের ঘটনা দেশটিতে ব্যাপক আলোচনা–সমালোচনার জন্ম দিয়েছে। এর জেরে বাড়িতে প্রবেশ করা দর্শনার্থীদের তথ্য প্রকাশ করার দাবি জানায় রিপাবলিকানরা। তবে দর্শনার্থী প্রবেশের কোনো তথ্য নেই বলে জানিয়েছে হোয়াইট হাউসের সিক্রেট সার্ভিস। খবর রয়টার্সের।
বর্তমান ও সাবেক প্রেসিডেন্ট এবং তাদের পরিবারের নিরাপত্তায় কাজ করে হোয়াইট হাউসের সিক্রেট সার্ভিস। সোমবার (১৬ জানুয়ারি) এক বিবৃতিতে সংস্থাটি থেকে বলা হয়, বাড়িটি কারও না কারও ব্যক্তিগত বাসভবন। আধুনিক ইতিহাসের অন্যান্য প্রেসিডেন্টের মতো তার বাসভবন ব্যক্তিগত। সেখানকার কোনো তথ্য আমাদের কাছে নেই।
সংস্থাটির মুখপাত্র অ্যান্টনি গুগলিয়েলমি বলেন, ‘আমরা বাইডেনের ব্যক্তিগত বাসভবনের নিরাপত্তা নিয়ে কাজ করছি না। সেখানে কে প্রবেশ করছে তা আমাদের জানা নেই। ’
রয়টার্স জানায়, ইতোমধ্যে মার্কিন প্রতিনিধি পরিষদ বা হাউস অব রিপ্রেজেন্টেটিভসের নিয়ন্ত্রণ নিয়েছে রিপাবলিকানরা। হাউস অব রিপ্রেজেন্টেটিভস ওভারসাইট কমিটির রিপাবলিকান চেয়ারম্যান জেমস কমার রোববার ডেমোক্র্যাট বাইডেনের বাড়িতে প্রবেশের তথ্য প্রকাশ করার দাবি জানান।
বাইডেনের মতো একই ঘটনা ঘটেছিল সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। ফ্লোরিডার মার-এ-লাগো অবকাশযাপনকেন্দ্রে ৩২৫ সরকারি গোপন নথি পাওয়া গিয়েছিল। এ বিষয়ে ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত চলছে। এমনকি ফৌজদারি মামলারও মুখোমুখি রয়েছেন ট্রাম্প। রিপাবলিকানরা ট্রাম্পের সঙ্গে বাইডেনের নথির মামলার তুলনা করছেন।
ট্রাম্পের ফ্লোরিডার বাড়ি থেকে নথি উদ্ধার নিয়ে সেখানকার প্রবেশ করাদের তথ্য চেয়ে বছর খানেক ধরে আওয়াজ তুলছে ডেমোক্র্যাটরা। এবার বাইডেনের সঙ্গেও একই ঘটনা করছে রিপাবলিকনরা।
তবে দুই প্রেসিডেন্টের বাড়ি থেকে নথি উদ্ধার নিয়ে পার্থক্য দেখাচ্ছেন আইন বিশেষজ্ঞরা। হোয়াইট হাউস বলছে, বাইডেনের বাড়ি থেকে যেসব নথি উদ্ধার হয়েছে সেগুলো তার লোকজনই পেয়েছে। অন্যদিকে ট্রাম্পের বাড়িতে পুলিশি অভিযানে নথি জব্দ হয়।
গত নভেম্বরে পেন বাইডেন সেন্টারে প্রথম দফায় ১০টি নথি পাওয়া গিয়েছিল। আর ডিসেম্বরের শেষের দিকে বাইডেনের ডেলওয়ারের বাড়ির গ্যারেজে এক পৃষ্ঠার একটি নথি পাওয়া যায়। আর সবশেষ গত বৃহস্পতিবার ব্যক্তিগত লাইব্রেরিতে আরও পাঁচ পৃষ্ঠার নথি পাওয়া যায়। বারাক ওবামার অধীনে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন বাইডেন। সেই সময়কার নথি এগুলো।






মন্তব্য