সদরপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ১ লাখ টাকা জরিমানা

  • সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:
  • বুধবার, ২২ এপ্রিল ২০২৬ ০১:০৪:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের সদরপুর উপজেলার আমিরাবাদ এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটার দায়ে একজনকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার (২১শে এপ্রিল) আনুমানিক সন্ধ্যা ৭:৩০ ঘটিকায় এই অভিযান পরিচালিত হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া থানা পুলিশের সহযোগিতায় আমিরাবাদ এলাকায় এই ঝটিকা অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘন করে কার্যক্রম পরিচালনার সত্যতা পাওয়া যায়।

আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম তারা মৃধা (৪৫)। তিনি আমিরাবাদ চৌরাস্তা এলাকার আরশাদ মৃধার ছেলে।

অভিযানকালে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী অপরাধীকে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা জরিমানা করা হয়। 

এ সময় সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া বলেন, "পরিবেশ রক্ষায় এবং সরকারি সম্পদ রক্ষার্থে অবৈধ বালু উত্তোলন ও মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।"

স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন এবং এ ধরণের কার্যক্রম নিয়মিত পরিচালনার দাবি জানিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য