আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর–১ (আলফাডাঙ্গা–বোয়ালমারী–মধুখালী) আসনে হরিণ প্রতীকের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ হাসিবুর রহমান (অপু ঠাকুর) ব্যাপক গণসংযোগ ও পথসভা চালিয়ে যাচ্ছেন।
মঙ্গলবার রাতে তিনি আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী উপজেলার বিভিন্ন বাজার, গ্রাম ও গুরুত্বপূর্ণ সড়কে পথসভা করেন। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং তার নির্বাচনী ইশতেহারের বিভিন্ন দিক তুলে ধরেন।
শিক্ষক, গবেষক ও উদ্যোক্তা হিসেবে পরিচিত হাসিবুর রহমান (অপু ঠাকুর) বলেন, “আমার রাজনীতি ক্ষমতার জন্য নয়, মানুষের মর্যাদার জন্য। ভালোবাসা আগে, দুর্নীতি নয়; স্বচ্ছতা আগে, ক্ষমতা নয়—উন্নয়নই আমার একমাত্র লক্ষ্য।”
তিনি আরও বলেন, জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ফরিদপুর–১ আসনকে একটি উন্নত, নিরাপদ, সমতাভিত্তিক ও শান্তিপূর্ণ মডেল আসনে রূপান্তর করাই তার প্রধান অঙ্গীকার।
তার ঘোষিত নির্বাচনী ইশতেহারের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে রয়েছে—
সুশাসন প্রতিষ্ঠা ও জনসেবা নিশ্চিতকরণ, শ্রমিকদের ন্যায্য অধিকার ও কল্যাণ, কর্মসংস্থান সৃষ্টি ও মানবসম্পদ উন্নয়ন, নারী ও শিশু সুরক্ষা, শিল্পায়ন ও চতুর্থ শিল্প বিপ্লব উপযোগী দক্ষতা উন্নয়ন, আধুনিক সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়ন, গ্রামীণ সড়ক ও সেতু নির্মাণ, অবহেলিত চরাঞ্চলের বিশেষ উন্নয়ন পরিকল্পনা, ইমাম, মুয়াজ্জিন ও মন্দিরের পুরোহিতসহ সকল ধর্মীয় সেবকদের মর্যাদা ও কল্যাণ নিশ্চিতকরণ, পাশাপাশি ডিজিটাল উন্নয়ন ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি।
পথসভায় তিনি বলেন, “আপনার কথা, আপনার অধিকার—বাস্তবে রূপ দেওয়াই আমাদের অঙ্গীকার।”
গণসংযোগকালে স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং এলাকার বিভিন্ন সমস্যা, দাবি ও প্রত্যাশার কথা তুলে ধরেন। এ সময় অপু ঠাকুর মনোযোগ সহকারে সবার কথা শোনেন এবং নির্বাচিত হলে সমস্যাগুলো সমাধানে কার্যকর ও টেকসই উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
স্থানীয়দের মতে, স্বচ্ছতা, সততা ও দুর্নীতিমুক্ত উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে অপু ঠাকুরের এই গণসংযোগ ফরিদপুর–১ আসনের ভোটারদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।






মন্তব্য