ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসন (ভাঙ্গা–সদরপুর–চরভদ্রাসন) থেকে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম বাবুল ধানের শীষ প্রতীকের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ১টায় সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার শরীফ শাওনের কাছে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ফরিদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল হক শাহজাদা মিয়া, জিয়া শিশু-কিশোর সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহ আলম রেজা, সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুতজামান বদু, সদস্য সচিব মো. তরিকুল ইসলাম কবির মোল্লা এবং ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি মো. সেলিম খন্দকার।
এছাড়াও উপজেলার নয়টি ইউনিয়নের চেয়ারম্যান, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ফরিদপুর-৪ আসনে অন্যান্য প্রার্থীদের মধ্য থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের মো. মিজানুর রহমান মোল্লা (রিকশা প্রতীক), ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা ইসহাক চোকদার (হাতপাখা প্রতীক) এবং জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী রায়হান জামিল (লাঙ্গল প্রতীক) সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন।






মন্তব্য