নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর–১০ ডিসেম্বর) ও বেগম রোকেয়া দিবস-২০২৫ উপলক্ষে ফরিদপুরের সদরপুর উপজেলায় ‘অদম্য নারী পুরস্কার’ প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে নারীর ক্ষমতায়ন, অধিকার সংরক্ষণ, যৌন সহিংসতা প্রতিরোধ এবং নারী-শিশুর উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ শাওন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া এবং সদরপুর থানার সেকেন্ড অফিসার মোখলেছুর রহমান।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো: শহীদুল ইসলাম এর সভাপতিত্বে বক্তারা বলেন, নারী-পুরুষ সমতা প্রতিষ্ঠা ও সহিংসতা মুক্ত সমাজ গঠনে পরিবার-সমাজের সকল স্তরের মানুষকে আরও সচেতন হতে হবে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও স্থানীয় নেতৃত্বের সমন্বিত প্রচেষ্টা সহিংসতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় নারী-পুরুষ উপস্থিত ছিলেন।






মন্তব্য