সদরপুরে পরিবার পরিকল্পনা কর্মীদের এক দফা দাবিতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি

  • নুরুল ইসলাম, সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:
  • বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫ ০২:১২:০০
  • কপি লিঙ্ক

পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন পরিবার কল্যাণ সহকারী (FWA), পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI) ও পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV) দের প্রস্তাবিত নিয়োগবিধি দ্রুত সংশোধন ও বাস্তবায়নের দাবিতে ফরিদপুরের সদরপুরে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছেন পরিবার পরিকল্পনা কর্মীরা।

মঙ্গলবার সকাল ১০টায় সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। এতে উপজেলা জুড়ে কর্মরত পরিবার পরিকল্পনা কর্মীরা অংশ নেন।

কর্মসূচিতে পরিবার কল্যাণ সহকারী সাজেদা আক্তার জানান, দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও নিয়োগবিধি বাস্তবায়নে কোনো অগ্রগতি হয়নি। তিনি বলেন, “আমাদের প্রস্তাবিত নিয়োগবিধি দ্রুত সংশোধন ও বাস্তবায়ন করতে হবে। এটি না হলে কর্মীদের ন্যায্য অধিকার ক্ষুণ্ণ হচ্ছে।”

পরিবার পরিকল্পনা পরিদর্শক সৈয়দ রাকিবুল আহসান বলেন, মাঠপর্যায়ে কর্মরত ৩৩ হাজার পরিবার পরিকল্পনা কর্মীরা চাকরির শুরু থেকে কোনো নিয়োগবিধি না থাকার কারণে পদোন্নতি ও আর্থিক সুবিধা থেকে বঞ্চিত। তিনি বলেন, “যে পদে যোগ দিচ্ছি, সে পদেই অবসরে যেতে হচ্ছে। সংশোধিত নিয়োগবিধির আশ্বাস দিলেও বাস্তবায়নের কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।”

কর্মীরা জানান, তাদের এক দফা দাবি—সংশোধিত নিয়োগবিধি দ্রুত বাস্তবায়ন। দাবিটি পূরণ না হলে ভবিষ্যতে আরও কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানানো হয়।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য