সদরপুরে ইউএনও জাকিয়া সুলতানার বিদায়

  • সদরপুর (ফরিদপুর)  প্রতিনিধি:
  • শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫ ১২:১১:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের সদরপুর উপজেলার চিত্র বদলে দিয়ে গেলেন বিদায়ী নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা । দায়িত্ব নেওয়ার মাত্র কয়েক মাসের মধ্যে সৎ, নিষ্ঠাবান ও মানবিক নেতৃত্বের মাধ্যমে বদলে দিয়েছেন পুরো উপজেলা প্রশাসনের চিত্র। অর্জন করেছেন সাধারণ মানুষের আস্থা, ভালোবাসা আর অকুণ্ঠ প্রশংসা। তার স্থলাভিষিক্ত হচ্ছেন প্রশাসনের আরেক চৌকষ কর্মকর্তা শরীফ শাওন। 

সদরপুর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগ দেবার পর জাকিয়া সুলতানা ভগ্ন, অনুন্নত সদরপুরকে সরকারি উন্নয়ন প্রকল্পে ঢেলে সাজাবার কাজে মনোনিবেশ করেন। শুরু হয় তার দুর্নীতিবিরোধী ও জনকল্যাণমুখী অভিযান। সরকারি-বেসরকারি প্রতিটি দপ্তরে ফিরিয়ে আনেন শৃঙ্খলা, স্বচ্ছতা ও গতিশীলতা। কমতে শুরু করে জনভোগান্তি, বেড়েছে কার্যকর সেবা।

তিনি শুধু কার্যালয়েই বসে থাকেননি, উপজেলার প্রত্যন্ত এলাকায় এমনকি দুর্গম চরাঞ্চলেও তার পদচারণা ছিল সমান তালে। ইভটিজিং, বাল্যবিয়ে কিংবা পারিবারিক নির্যাতনের মতো অন্যায়ের বিরুদ্ধে নেন তাৎক্ষণিক ব্যবস্থা। শিক্ষাপ্রতিষ্ঠানে ঝটিকা পরিদর্শনে ফিরেছে নিয়মানুবর্তিতা। স্কুলে পৌঁছে দিয়েছেন, বিতরণ করেছেন শিক্ষা সামগ্রী।

তার এমন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিগণ। তাদের দাবি, নবাগত ইউএনও মহোদয় সদরপুরের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখবেন। 

সদরপুর প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান বলেন, তিনি অত্যন্ত মানবিক অফিসার ছিলেন। সদরপুরের অনেক উন্নয়ন করেছেন। 

সদরপুর শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ইমারত হোসেন বাচ্চু বলেন, তিনি সবার কথা শুনেছেন এবং ব্যবস্থা নিয়েছেন। 

উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. সাব্বির হাসান বলেন, ‘তিনি যেভাবে মানুষের কাছে গিয়ে কথা শোনেন, তাতে বোঝা যায়—উনি কতটা আন্তরিক’ 

উপজেলার ঢেউখালী ইউনিয়নের চেয়ারম্যান মো. মিজানুর রহমান বলেন, তিন মাসের দায়িত্বে ইউএনওর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে: শতভাগ বাস্তবায়ন, অভিযোগ নিষ্পত্তির হার বৃদ্ধি, শিক্ষা খাতে অগ্রগতি, সরকারি জমিতে অবৈধ দখল উচ্ছেদ, মানবিক সহায়তা, বাল্যবিয়ে প্রতিরোধে সফল টাস্কফোর্স গঠন, সরকারি অর্থের সঠিক ব্যবহার, এবং উন্নয়ন প্রকল্পে সময়মতো কাজ শেষ করা।

এই অর্জনকে একক দাবি না করে ইউএনও জাকিয়া সুলতানা বলেন, সদরপুরকে আধুনিক ও নাগরিকবান্ধব উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। এই সাফল্য সদরপুরের জনগণ ও প্রশাসনের সম্মিলিত প্রয়াসের ফল।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য