রাজবাড়ীর কালুখালী উপজেলার মাঝবাড়ী ইউনিয়নে আগুনে পুড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দিবাগত রাতে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতাল ও ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়।
অগ্নিকাণ্ডে মৃত ওই দুই শিশু মাঝবাড়ী গ্রামের বাবু বিশ্বাসের ছেলে উজায়ফা (৮) ও একই গ্রামের ইকরামের ছেলে হাসান (৩)।
মাঝবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য মো. মাসুমুর রহমান বলেন, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে বাবু বিশ্বাসের বাড়িতে দুই শিশু খেলা করছিল। একপর্যায়ে তারা রান্নাঘরে খেলার সময় গ্যাস সিলিন্ডারে আগুন লেগে যায়। এ সময় বাবু বিশ্বাসের বাড়ির লোকজন পাশের বাড়িতে থাকায় বিষয়টি কেউ খেয়াল করেননি। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে রান্নাঘরে রাখা খড়িতে। এতে মারাত্মক দগ্ধ হয় শিশু দুটি। গুরুতর অবস্থায় প্রতিবেশীরা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
ফরিদপুর বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইকরামের ছেলে হাসান মারা যায়। অবস্থার অবনতি হলে বাবু বিশ্বাসের ছেলে উজায়ফাকে ঢাকায় পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাতে উজায়ফা মারা যায়।
কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. সজিব বলেন, ঘটনাটি দুঃখজনক। আমরা দুই শিশুর পরিবারের পাশে আছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের সব বিষয়ে সহযোগিতা করা হবে।




.jpg)

মন্তব্য