টাঙ্গাইলের কালিহাতীতে পিকআপ ভ্যান-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোচালকসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো পাঁচজন। গুরুতর আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল এবং কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।
শুক্রবার (১ এপ্রিল) সকাল ৬টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের কালিহাতী আরএস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কালিহাতী পৌরসভার উত্তর বেতডোবা গ্রামের আজান আলীর ছেলে অটোচালক রমজান আলী (৫৫) এবং উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের বীর বাসিন্দা গ্রামের রীনা বেগম (৩০)।
স্থানীয়রা জানান, ঘাটাইল উপজেলার হামিদপুর থেকে অটোরিকশাটি যাত্রী নিয়ে কালিহাতী বাসস্ট্যান্ডের উদ্দেশে যাচ্ছিল। অপরদিক থেকে একটি পিকআপ ভ্যান যাচ্ছিল হামিদপুরের দিকে।
পথে যানবাহন দুটি কালিহাতী সদরের কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছলে সংঘর্ষ হয়। এ সময় অটোচালকসহ ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহত হন কমপক্ষে আরো পাঁচজন।
কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান বলেন, পিকআপ ভ্যানের চালক পলাতক। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।




.jpg)

মন্তব্য