ফরিদপুর-১ আসনে ঈগল মার্কার স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলনের গণসংযোগ, নির্বাচনী সভায় সর্বস্তরের জনতার ঢল নামছে। বিশেষ করে আয়োজিত জনসভাগুলোতে নারী ভোটারদের নজরকাড়া উপস্থিতি লক্ষ করা যাচ্ছে।
নির্বাচনী প্রচারণা ১৫তম দিনে মঙ্গলবার আলফাডাঙ্গা ও মধুখালী উপজেলায় বেশ কয়েকটি নির্বাচনী সভা করেন স্বতন্ত্র প্রার্থী দোলন। মধুখালীর বেলেশ্বর বাজারে গণসংযোগ ও পথসভার মধ্য দিয়ে প্রচারণা শুরু করেন তিনি।
পগণসংযোগে ফরিদপুর-১ আসনের জনপ্রিয় নেতা দোলনকে কাছে পেয়ে জনতা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। সব সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে আগামী ৭ জানুয়ারি ঈগল মার্কায় ভোট প্রার্থনা করেন।
প্রতিদ্বন্দ্বী এক হেভিওয়েট প্রার্থীকে ইঙ্গিত করে দোলন বলেন, ‘উনি আমার জনসমর্থনে ভীত হয়ে আমাকে নিয়ে উল্টাপাল্টা বকছেন। অথচ তিনি কেমন আপনারা সকলেই জানেন। নারী কেলেঙ্কারি থেকে শুরু মনোনয়ন বাণিজ্য, কমিটি বাণিজ্য সবই করেছেন। এমপি হয়েও এলাকার মানুষকে অপমান-অসম্মান করেছেন।’
তিনি বলেন, ‘দশটা বছর যিনি ফরিদপুর-১ আসনের মানুষের হক নষ্ট করেছেন, তিনি আর কিভাবে হক আদায় করবেন। ফরিদপুর-১ আসনের মানুষের হকের অধিকার প্রতিষ্ঠা করতেই আমি ভোটের লড়াইয়ে নেমেছি। আমাকে এমপি বানালে আমি আপনাদের সম্মান অধিকার প্রতিষ্ঠা করবো। পবিত্র কাবা ছুঁয়ে আমি এই শপথ করেছি।’
ফরিদপুর-১ আসনে হেভিওয়েট দুই প্রার্থীর চেয়ে জনসমর্থন আর জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন ঈগল মার্কার স্বতন্ত্র প্রার্থী দোলন। দোলনের পক্ষে প্রতিদিনই আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালীর বিভিন্ন এলাকায় হাজার-হাজার জনতা গণসংযোগ ও নির্বাচনী সভায় অংশ নিচ্ছেন।
আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালীর মুক্তিযোদ্ধা কমান্ডাররা, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সিংহভাগ নেতারা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বাররা এরইমধ্যে দোলনকে প্রকাশ্যে সমর্থন দিয়েছেন। এমপি হিসেবে দোলনের যোগ্যতা-প্রয়োজনীয়তা তুলে ধরে ভোটারদের কাছে ঈগল মার্কায় ভোট প্রার্থনা করছেন।
গত সোমবার মধুখালীর কামালদিয়ায় আরিফুর রহমান দোলনের নির্বাচনি সভায় যোগ দিয়ে তিনি ঈগল মার্কার প্রতি অকুণ্ঠ সমর্থন দেন।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ফরিদপুর-১ আসনে নৌকার প্রার্থী আব্দুর রহমানের নিজের ইউনিয়ন কামালদিয়া। তার খাস তালুকের জনপ্রতিনিধিরা একে একে স্বতন্ত্র প্রার্থী দোলনের পক্ষে যোগদান করায় আব্দুর রহমানের জন্য বিশাল চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।
কামালদিয়া ইউপি চেয়ারম্যান মামুন বলেন, ‘আমরা আগামী ৭ জানুয়ারি ঈগল মার্কায় ভোটের মধ্য দিয়ে একটি বিপ্লব ঘটাতে চাই।’
ফরিদপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলনের ঈগল মার্কাকে বিজয়ী করতে ভোট বিপ্লবের ডাক দিয়েছেন মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়নের চেয়ারম্যান ওয়ালিদ হাসান মামুন।
এর আগে ফরিদপুর-১ আসনে ঈগল মার্কার স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলনকে সমর্থন দিয়ে একাত্ম হয়েছেন বোয়ালমারী উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। ফরিদপুর-১ আসনকে স্মার্ট ও মডেল হিসেবে গড়ে তুলতে দোলনই যোগ্য নেতা বলে প্রকাশ্যে দিলেন ঘোষণা। দোলনকে বিজয়ী করতে একজোট হয়ে কাজ করার প্রত্যয়ও রাখলেন।
বোয়ালমারীর এই পাঁচ চেয়ারম্যান হলেন— শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামাল আহমেদ, বোয়ালমারী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হক, ঘোষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরান হোসেন নবাব, চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম ও রূপাপাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান সোনা।
এর আগে আলফাডাঙ্গা, মধুখালীর বিভিন্ন জনপ্রতিনিধি এবং আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতারা ঈগল মার্কার প্রতি দৃঢ় সমর্থন জানান। নির্বাচনী প্রচারে তারা স্বতন্ত্র প্রার্থী দোলনের সমর্থনে একাট্টা হয়ে কাজ করছেন।
স্থানীয়রা বলছেন, কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ঢাকা টাইমস সম্পাদক আরিফুর রহমান দোলন এমপি প্রার্থী হওয়ায় ফরিদপুর-১ আসনে ভোটের হিসাব পাল্টে গেছে। ক্লিন ইমেজ ও সর্বসাধারণের কাছে গ্রহণযোগ্যতায় দোলন পিছিয়ে দিয়েছেন হেভিওয়েট অপর দুই প্রার্থীকে।
এতদিন জনপ্রতিনিধি না হয়েও দোলন গত দুই দশক ধরে কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের মাধ্যমে ফরিদপুর-১ আসনের সর্বস্তরের মানুষের কল্যাণে বহুমুখী কাজ চালিয়ে আসছেন। দোলনের এসব সমাজ ও জনসেবামূলক কর্মকাণ্ডের প্রশংসা গোটা অঞ্চলের লাখো মানুষের মুখে মুখে।
দোলনের ইতিবাচক কর্মকাণ্ডের ফলে ঈগল মার্কার পক্ষে ফরিদপুর-১ আসনে তৈরি হয়েছে ব্যাপক গণজোয়ার। আগামী ৭ জানুয়ারি দোলনের বিজয়ের লক্ষ্য নিয়ে প্রতিদিনই দোলনের পক্ষে হাজারো জনতার স্লোগানে মুখরিত ফরিদপুর-১ আসন।






মন্তব্য