শোকের মাসে সব কর্মসূচি ঐক্যবদ্ধভাবে পালনের আহ্বান জানিয়েছেন ফরিদপুর আওয়ামী লীগের নেতারা। বৃহস্পতিবার বিকেলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক বিশেষ সভায় তারা এ আহ্বান জানান।
সভায় সিদ্ধান্ত হয়, শোকের মাস ও ১৫ আগস্ট উপলক্ষে বন্যার্তদের জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে খাদ্য সহায়তা দেওয়া হবে। এছাড়াও ১৫ আগস্টে জেলার বিভিন্ন মসজিদ-মন্দির ও গির্জায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। জেলার সকল দলীয় কার্যালয়ে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হবে।
সভায় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ- সভাপতি শামীম হক বলেন, বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। আওয়ামী লীগের নেতা-কর্মীদের দায়িত্ব জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে শেখ হাসিনার নির্দেশ পালন করা। নীতির প্রশ্নে শেখ হাসিনা তার পিতার মতো আপোষহীন। স্বাধীনতা বিরোধী অপশক্তি যেন মাথা তুলে দাঁড়াতে না পারে সেজন্য সবসময় সর্তক থাকতে নেতা- কর্মীদের প্রতি আহবান জানান তিনি।
জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, মহিলা আওয়ামী লীগের আইভি মাসুদ, যুগ্ম সম্পাদক মাসুদুল হক, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম জিন্না, দপ্তর সম্পাদক অনিমেষ রায়, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা প্রমুখ।






মন্তব্য