আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী আইএস দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগের একটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নয় নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকীর দায়ের কারা এ মামলা আমলে নিয়ে সোমবার ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার এ আদেশ দেন।
এর আগে এদিন দুপুরে এই মামলার আবেদন করা হয়। পরে বিকালে এ আদেশ হয় বলে জানান মামলার বাদীর আইনজীবী আবুল কালাম আজাদ।
পরোয়ানা হওয়া অপর আসামিরা হলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, বুয়েটের বহিষ্কৃত শিক্ষক হাফিজুর রহমান রানা ও ছাত্রদল নেতা এমদাদুল হক ভূঁইয়া।
মামলার অভিযোগে বলা হয়, গত ২৩ জুলাই বুয়েটের শিক্ষক হাফিজুর রহমান রানা রেজিস্ট্রি যোগে বাদীকে একটি চিঠি পাঠান। চিঠিতে আগামী ১৫ আগস্ট আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী আইএস দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের খুন করে শেখ মুজিবের মাজার উড়িয়ে দেয়ার হুমকি দেয়া হয়।






মন্তব্য