এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত: জিএম কাদের

  • বাংলারজমিন ডেস্ক:
  • শনিবার, ১৩ জুলাই ২০১৯ ১২:০০:০০
  • কপি লিঙ্ক

সংসদে বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা এখনও অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন তার ভাই ও পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের।

শনিবার দুপুর ১২টায় জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

জিএম কাদের বলেন, পল্লীবন্ধু এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে। তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন। তবে তিনি শঙ্কামুক্ত নন।

তিনি বলেন, ২৬ জুন সকালে রক্তের সংক্রমণ নিয়ে এরশাদ সিএমএইচে ভর্তি হয়েছিলেন। বর্তমানে তার রক্তে সংক্রমণ নেই বললেই চলে। কিন্তু তার শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের প্রত্যাশিত উন্নতি হচ্ছে না।

জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, ডায়ালাইসিস দিয়ে এরশাদের রক্তের বর্জ্য বের করা হচ্ছে। সুস্থ হয়ে ওঠা পর্যন্ত লাইফ সাপোর্টে তার চিকিৎসা চলবে।

এ সময় তিনি হুসেইন মুহম্মদ এরশাদের রোগমুক্তি এবং সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া প্রার্থনা করেন।

সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা বলেন, দেশের দশটির অধিক জেলা বন্যা কবলিত। বন্যার্ত লাখো মানুষ সীমাহীন কষ্টে দিন কাটাচ্ছেন। এরশাদ সুস্থ থাকলে এমন দুর্যোগে ত্রাণ নিয়ে বন্যার্তদের পাশে দাঁড়াতেন।

এ সময় মসিউর রহমান রাঙ্গা বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য পার্টির নেতাকর্মীদের নির্দেশ দেন। পাশাপাশি বন্যা কবলিত এলাকায় প্রয়োজনীয় সাহায্য দিতে সরকারের প্রতি আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, সুনীল শুভরায়, এসএম ফয়সল চিশতী, এটিইউ তাজ রহমান, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন, উপদেষ্টা ড. নুরুল আজহার, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, শফিকুল ইসলাম শফিক, যুগ্ম মহাসচিব নুরুল ইসলাম ওমর, সুলতান আহমেদ সেলিম প্রমুখ।

 

মন্তব্য