ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ গ্রহণের মাধ্যমে সরকারের দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি। স্বাধীনতার পর থেকে দেশের ইতিহাসে তিনি হচ্ছেন ১১তম প্রধানমন্ত্রী। তার আগের ১০ প্রধানমন্ত্রীর মধ্যে ২ জন ছিলেন নারী; খালেদা জিয়া ও শেখ হাসিনা। তবে সংখ্যায় ২ জন হলেও সবচেয়ে দীর্ঘসময় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এই দুই নারীই। দীর্ঘ ৩৫ বছর পর আবারও দেশের দায়িত্ব নিতে যাচ্ছেন কোনো পুরুষ প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে যাওয়া তারেক রহমানের বর্তমান বয়স ৬০। তিনিই হতে যাচ্ছেন বাংলাদেশের সবচেয়ে বেশি বয়সী নির্বাচিত প্রধানমন্ত্রী। যদিও সবচেয়ে বেশি বয়সে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন আতাউর রহমান খান। তবে তিনি ছিলেন অনির্বাচিত।
বাংলাদেশের বিগত ১০ প্রধানমন্ত্রী ও দায়িত্ব গ্রহণের সময় তাদের বয়স
১) তাজউদ্দিন আহমেদ: বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। ১৯৭১ সালের ১৭ এপ্রিল মুজিবনগর সরকার গঠনের পর থেকে ১৯৭২ সালের ১২ জানুয়ারি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। দায়িত্ব গ্রহণের সময় তার বয়স ছিল ৪৬ বছর।
আরও পড়ুন: হেফাজতের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীকে শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ তারেক রহমানের
২) শেখ মুজিবুর রহমান: বাংলাদেশের স্বাধীন হওয়ার পর ১০ জানুয়ারি দেশে প্রত্যাবর্তন করেন শেখ মুজিবুর রহমান। ১২ জানুয়ারি প্রধামন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেন তিনি। পরবর্তীতে রাষ্ট্রপতি হওয়া শেখ মুজিবুরের দায়িত্ব নেয়ার সময় বয়স ছিল ৫২ বছর।
৩) মুহাম্মদ মনসুর আলি: শেখ মুজিবুর রহমান বাকশাল শাসন ব্যবস্থা গঠন করলে ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি প্রধানমন্ত্রী করা হয় মুহাম্মদ মনসুর আলিকে। দায়িত্ব নেয়ার সময় তার বয়স ছিল ৫৮ বছর।
৪) শাহ আজিজুর রহমান: দেশের প্রধান জিয়াউর রহমান থাকাকালে প্রধানমন্ত্রী হন শাহ আজিজুর রহমান। দায়িত্ব গ্রহণের সময় চতুর্থ এই প্রধানমন্ত্রীর বয়স ছিল ৫৪ বছর।
৫) আতাউর রহমান খান: বাংলাদেশের পঞ্চম প্রধানমন্ত্রী আতাউর রহমান খান দায়িত্ব নেন ১৯৮৪ সালের ৩০ মার্চ। তখন তার বয়স ছিল ৭৯ বছর। দায়িত্বে ছিলেন এক বছরেরও কম সময়।
৬) মিজানুর রহমান চৌধুরী: হুসাইন মুহাম্মদ এরশাদ যখন দেশের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে, তখন প্রধানমন্ত্রী হন মিজানুর রহমান চৌধুরী। ১৯২৮ সালের জন্মগ্রহণ করা মিজানুর রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব পান ১৯৮৬ সালের ৯ জুলাই, বয়স তখন ৫৮ বছর।
আরও পড়ুন: জুলাই সনদের ভিত্তিতে ভোটের অনুপাতে উচ্চকক্ষ গঠন করতে হবে: চরমোনাই পীর
৭) মওদুদ আহমেদ: বাংলাদেশের সপ্তম প্রধানমন্ত্রী মওদুদ আহমেদ। ১৯৮৮ সালের ২৭ মার্চ প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন তিনি। এরশাদের আমলে প্রধানমন্ত্রী হওয়া মওদুদ আহমেদের তখন বয়স ছিল মাত্র ৪৮ বছর।
৮) কাজী জাফর আহমেদ: তারেক রহমান দায়িত্ব গ্রহণের আগে বাংলাদেশের সবশেষ পুরুষ প্রধানমন্ত্রী ছিলেন কাজী জাফর আহমেদ। এরশাদের প্রধানমন্ত্রী হওয়া কাজী জাফর পরে যুক্ত হয়েছিলেন আওয়ামী লীগে। ১৯৮৯ সালে প্রধানমন্ত্রী হন তিনি। তখন কাজী জাফরের বয়স ছিল ৫০ বছর।
৯) খালেদা জিয়া: বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ১৯৯১ সালের নির্বাচনে ফেনী-১ আসন থেকে সংসদ সদস্য হন তিনি। ওই বছরের ২০ মার্চ নেন প্রধানমন্ত্রীর দায়িত্ব। তখন খালেদা জিয়ার বয়স ছিল ৪৫ বছর। ৫ বছর দায়িত্ব পালন করার পর ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত আবারও ৫ বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।
১০) শেখ হাসিনা: ১৯৯৬ সালে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা। তখন তার বয়স ছিল ৪৯ বছর। এরপর ২০০৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত টানা ৪ মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। দেশে সবচেয়ে দীর্ঘ সময় ধরে এই দায়িত্ব তিনিই পালন করেছেন।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পতন হয় শেখ হাসিনা সরকারের। এরপর অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন ড. মুহাম্মদ ইউনূস। এই সরকারের অধীনেই অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তাতে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পায় বিএনপি। দলের প্রধান হিসেবে তাই তারেক রহমান হতে যাচ্ছেন দেশের ১১তম প্রধানমন্ত্রী।
বাংলাদেশের প্রধানমন্ত্রী মানেই সরকারের প্রধান, ব্যাপারটি এমন নয়। এদেশে যারা সরকার প্রধান ছিলেন তাদের মধ্যে কেউ রাষ্ট্রপতি, কেউ প্রধানমন্ত্রী, কেউ প্রধান উপদেষ্টা আবার কেউ সামরিক শাসন জারি করে প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে দেশ শাসন করেছেন। কোনো সময় ছিল রাষ্ট্রপতি শাসিত শাসন আবার কোনো সময় সংসদীয় পদ্ধতি।






মন্তব্য