করোনা অর্থনীতিকে পেছালেও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী

  • অনলাইন
  • মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০ ০৭:০২:০০
  • কপি লিঙ্ক

করোনা ভাইরাস দেশের অর্থনীতিকে কিছুটা পিছিয়ে দিলেও কৃষি খাতের অগ্রগতি ধরে রেখে মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

আজ মঙ্গলবার সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) নিয়মিত বৈঠকে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

শুরুতেই রাখা বক্তব্যে বিদ্যমান বাস্তবতায় করোনা পরিস্থিতিকে মোকাবিলার পাশাপাশি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, ‘করোনা ভাইরাস আমাদের অনেকটা পিছিয়ে দিচ্ছে। কিন্তু তারপরও আমাদের কৃষির যে অগ্রগতি, এটা আমাদের ধরে রাখতে হবে। আমাদের মানুষের আর যাই হোক, খাদ্যের অভাব যেন না হয়, সেটা আমাদের দেখতে হবে।’

শেখ হাসিনা আরও বলেন, ‘আমরা যেমন সারের দাম কমিয়েছি, উন্নতমানের বীজ দিচ্ছি এবং অন্যান্য উপকরণ দিচ্ছি। প্রায় দুই কোটির মতো কৃষক কৃষি উপকরণ সহায়তা কার্ড পায়, কৃষকরা ১০ টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারে। এভাবে আমরা সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছি যেন খাদ্য নিরাপত্তা নিশ্চিত থাকে।’

বন্যা পরিস্থিতিতে অসহায় মানুষজনের মধ্যে সরকারের পক্ষ থেকে খাদ্যসহ প্রয়োজনীয় সহায়তা করা হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য