ঢাকার দুই সিটি নির্বাচনে নৌকা-ধানের শীষের প্রতীক বরাদ্দ করা হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনে নৌকা প্রতীক পেয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। ধানের শীষ প্রতীক পেয়েছেন বিএনপির প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন।
তাপস-ইশরাক ছাড়াও এই নির্বাচনে মেয়র পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে লাঙ্গল প্রতীক পেয়েছেন জাতীয় পার্টির সাইফুদ্দিন আহমেদ মিলন, হাতপাখা প্রতীক নিয়ে ইসলামী আন্দোলনের মো. আবদুর রহমান, ডাব প্রতীক নিয়ে বাংলাদেশ কংগ্রেসের মো. আকতার উজ্জামান ওরফে আয়াতুল্লা, আম প্রতীক নিয়ে এনপিপির বাহরানে সুলতান বাহার ও মাছ প্রতীক নিয়ে গণফ্রন্টের আব্দুস সামাদ সুজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে নৌকা প্রতীক পেয়েছেন আওয়ামী লীগ প্রার্থী আতিকুল ইসলাম। ধানের শীষ প্রতীক পেয়েছেন বিএনপির তাবিথ আউয়াল।
অন্য প্রার্থীরা যেসব প্রতীক পেয়েছেন তা হল- ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ মো. ফজলে বারী মাসউদ পেয়েছেন হাতপাখা, প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) শাহীন খান পেয়েছেন বাঘ, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. আনিসুর রহমান দেওয়ান পেয়েছেন আম এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টির আহম্মেদ সাজ্জাদুল হক পেয়েছেন কাস্তে প্রতীক।
প্রতীক পাওয়ায় এখন থেকে তাদের নির্বাচনী প্রচারে বাধা কাটল।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর গোপীবাগ রোডের সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারের ডিএসসিসির রিটার্নিং কর্মকর্তার অস্থায়ী কার্যালয় থেকে তাদের প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন।
আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবার প্রথম দুই সিটির সব কেন্দ্রে ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) পদ্ধতিতে ভোটগ্রহণ হচ্ছে।




.jpg)

মন্তব্য