ফরিদপুরের ভাঙ্গায় একটি বেসরকারি রিহ্যাব সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রাজ্জাক মাতুব্বর (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল আনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুর রাজ্জাক মাতুব্বর পূর্ব হাসামদিয়া গ্রামের বাসিন্দা। তিনি মৃত আব্দুস সামাদ মাতুব্বরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভাঙ্গা পৌরসভার নওপাড়া এলাকার জনৈক মিজানুর রহমানের পরিচালিত রিহ্যাব সেন্টারে গত বুধবার (২১ জানুয়ারি) বিকেল আনুমানিক ৫টার দিকে মাদকাসক্ত ও ভারসাম্যহীন অবস্থায় আব্দুর রাজ্জাককে ভর্তি করা হয়।
শুক্রবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রিহ্যাব সেন্টারের লোকজন তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা–নিরীক্ষা শেষে সকাল ১০টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ভাঙ্গা থানার এসআই মো. মামুন খান সঙ্গীয় ফোর্সসহ হাসপাতালে উপস্থিত হয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণ করা হবে।
এদিকে নিহতের স্বজনরা রিহ্যাব সেন্টারের দায়িত্বশীলদের বিরুদ্ধে সন্দেহ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, চিকিৎসায় অবহেলা কিংবা অন্য কোনো কারণে এ মৃত্যু হতে পারে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং যে কোনো সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ নজরদারি বাড়ানো হয়েছে।






মন্তব্য