আলফাডাঙ্গায় বেগম রোকেয়া দিবসে তিন অদম্য নারীকে সম্মাননা স্মারক প্রদান

  • কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
  • মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫ ০৫:১২:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের আলফাডাঙ্গায় বেগম রোকেয়া দিবস–২০২৫ উদযাপন ও অদম্য নারী পুরস্কার প্রদান অনুষ্ঠান উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর ২০২৫) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে দিনব্যাপী এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত নূর মৌসুমী। তিনি বলেন, বেগম রোকেয়ার আদর্শ নারীর অধিকার, শিক্ষা ও মুক্তচিন্তার ভিত্তি শক্তিশালী করে। আজকের নারীরা আত্মবিশ্বাস, নেতৃত্ব ও কর্মদক্ষতা দিয়ে সমাজের প্রতিটি ক্ষেত্রে নিজেদের অবস্থান সুদৃঢ় করছে। অদম্য নারী পুরস্কার তাদের এগিয়ে যাওয়ার প্রেরণা জোগাবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারজানা খান সোনিয়া। বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা তরুণ বসু, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মো. জুলহাস উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কে. এম. মাসুদুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত, উপজেলা প্রেসক্লাব সভাপতি মো. আলমগীর কবীর ও সাংবাদিক মো. সেকেন্দার আলম।

নারীর অগ্রযাত্রা, সংগ্রাম ও সমাজে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিন নারীকে ‘অদম্য নারী পুরস্কার–২০২৫’ প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন— মোসা. স্বপ্না বেগম (সমাজ উন্নয়নে অবদান), তহমিনা (নির্যাতন থেকে উঠে দাঁড়িয়ে নতুন জীবন গড়া)

রওশন আরা বেগম (সফল জননী)

মহিলা বিষয়ক অধিদপ্তর, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় পুরস্কারপ্রাপ্ত নারীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

বক্তারা বলেন, নারীর ক্ষমতায়ন পরিবার, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নের গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। বেগম রোকেয়া আজও নারীর মুক্তি ও অগ্রগতির অনুপ্রেরণার বাতিঘর।

অনুষ্ঠানে নারী নেত্রী, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য