সদরপুরে বাউল শিল্পী আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন

  • মো: নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার
  • সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫ ১২:১২:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের সদরপুরে আল্লাহ্ তায়ালার প্রতি কটূক্তি ও পবিত্র সুরা নাসের অপব্যাখ্যার অভিযোগে বাউল শিল্পী আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) জুমার নামাজ শেষে সদরপুর থানা সামনের মেইন রোডে উপজেলার সর্বস্তরের মুসলিম জনতা এ কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আবুল সরকার প্রকাশ্যে ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছেন এবং বিভিন্ন অনুষ্ঠানে আল্লাহ্ তায়ালার প্রতি অশ্রদ্ধামূলক অঙ্গভঙ্গি ও ধৃষ্টতাপূর্ণ মন্তব্য করেছেন। তারা বলেন, তিনি সুরা নাসের অপব্যাখ্যা করে কোরআনকে হাসির পাত্রে পরিণত করেছেন, যা ধর্মীয় মূল্যবোধের প্রতি চরম অবমাননা। শুধুমাত্র গ্রেফতার করলেই চলবে না—তার বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করার দাবি জানান বক্তারা।

সম্প্রতি সামাজিকমাধ্যমে আবুল সরকারের বিভিন্ন অনুষ্ঠানের ভিডিও ছড়িয়ে পড়লে জনমনে ক্ষোভের সঞ্চার হয়। ভাইরাল হওয়া ভিডিওতে তাকে আল্লাহ্ তায়ালাকে নিয়ে কটূক্তি এবং সুরা নাসের অর্থ বিকৃত করে ‘আল্লায় নাচতে কইছে তাই নাচি’—এমন মন্তব্য করতে দেখা যায়। এসব ভিডিও প্রকাশের পরই স্থানীয় মুসলিম সম্প্রদায় এই মানববন্ধনের উদ্যোগ নেয় বলে আয়োজকরা জানান।

মানববন্ধনে সদরপুর উপজেলা মুফতী বোর্ডের সভাপতি মুফতী মুহম্মাদ জাকির হুসাইন ফরিদী সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন সদরপুর উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম ও খতিব আলহাজ্জ মাওলানা আমির হোসাইন, হাফেজ আব্দুল আউয়াল, যুবনেতা আমানতুল্লাহ আমান, আবুবকর পেয়াদা, মিজানুর রহমান, মাওলানা জুনাইদ আল হাবীব, বাইশরশি হাইস্কুলের শিক্ষক মাসুদ আলম, আবাবিল সংগঠনের সোহাগ শিকদার, মোঃ শেখ হাশমত, মোঃ নজরুল ইসলামসহ আরও অনেকে।

মানববন্ধনে দূরদূরান্ত থেকে শতাধিক মুসলিম জনতা ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য