কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধ, সংঘর্ষে নিহত ৩

  • অনলাইন
  • বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫ ০৫:০৭:০০
  • কপি লিঙ্ক

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের সীমান্তবর্তী ভুন্দুরচর গ্রামে এ সংঘর্ষ হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন রৌমারী থানার ওসি লুৎফর রহমান।

নিহত ব্যক্তিরা হলেন- ভুন্দুরচর গ্রামের বাসিন্দা ফুলবাবু (৪৩), তাঁর বড় ভাই বুলু মিয়া (৫২) এবং তাঁদের ভাতিজা নুরুল আমিন (৩০)। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয়রা জানান, ভুন্দুরচর এলাকার শাহজামাল গং এবং রব্বানী গংয়ের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। দুপুরে বিরোধপূর্ণ জমিতে গেলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষ টেঁটাসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ সময় রব্বানীর ছেলে আপেল মিয়াসহ (৪৭) উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। আহতদের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত আপেল মিয়াকে টেঁটাবিদ্ধ অবস্থায় উন্নত চিকিৎসার অন্যত্র জন্য রেফার্ড করা হয়েছে।

স্থানীয়রা আরও জানান, জিঞ্জিরাম ও কালোর নদীবেষ্টিত সীমান্তবর্তী ভুন্দুরচর গ্রামটিতে প্রতিকূল যোগাযোগব্যবস্থার কারণে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎক্ষণাৎ পৌঁছাতে পারেননি।

এ বিষয়ে রৌমারী থানার ওসি লুৎফর রহমান বলেন, তিনজন নিহত হয়েছেন। এ মুহূর্তে আর কিছু বলতে পারছি না।

তবে এ ঘটনায় কেউ আটক হয়েছেন কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য