মামাতো বোনের পরীক্ষায় প্রক্সি দিতে এসে কারাগারে শিক্ষার্থী

  • গাইবান্ধা প্রতিনিধি: 
  • শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ ০২:০৪:০০
  • কপি লিঙ্ক

গাইবান্ধার পলাশবাড়ীতে এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে এসে শাহারিয়ার জান্নাতি অনামিকা (১৯) নামে এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় মামলার পর তাকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়।

এর আগে,ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা চলাকালে পলাশবাড়ী এসএম (সূতি মাহমুদ) মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে তাকে আটক করা হয়। আটক শিক্ষার্থী শাহারিয়ার জান্নাতি অনামিকা রংপুরের পীরগঞ্জ উপজেলার কেশবপুর(পশ্চিমপাড়া) গ্রামের মো.শাহ আলমের মেয়ে। সে পীরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের এইচএসসিতে অধ্যয়ণরত।

পলাশবাড়ী সূতি মাহমুদ মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ও কেন্দ্র সচিব মো. আব্দুল বারী সরকার জানান, আফরিন আক্তার অরথি নামে এক শিক্ষার্থীর বদলি পরীক্ষায় অংশ নেয় শাহারিয়ার জান্নাতি অনামিকা। বিষয়টি টের পেয়ে প্রক্সি পরীক্ষার্থীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। একইসাথে নিয়মিত পরীক্ষার্থী আফরিন আক্তারকে বহিস্কার করা হয়েছে। বহিস্কার হওয়া আফরিন আক্তার অরথি গৃধারীপুর আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। সে পলাশবাড়ী পৌরশহরের পলাশগাছী গ্রামের আসাদুজ্জামান মিয়ার মেয়ে। আটক শাহারিয়ার জান্নাতি অনামিকা জানায়, আফরিন আক্তার অরথি সম্পর্কে তার মামাতো বোন হয়। তবে তার বোন শারীরিকভাবে অসুস্থ্।

এ কারণে নিরুপায় হয়ে তার পরিবর্তে ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষায় অংশ নেয় সে। বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ওসি জুলফিকার আলী ভট্ট বলেন,প্রক্সি পরীক্ষা দেয়ার অপরাধে শাহারিয়ার জান্নাতি অনামিকা নামে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় কেন্দ্র সচিব মো. আব্দুল বারী সরকার বাদী হয়ে থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। পরবর্তীতে বিকেলে ওই প্রক্সি পরীক্ষার্থীকে আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে। 

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য