ফরিদপুরে ভাঙ্গায় রুমা বেগম (৩৪) নামক এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। শনিবার (২৬ আগস্ট )রাতে মরদেহটি ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের পাথরাইল দিঘীরপাড় এলাকা থেকে উদ্ধার করা হয়। রুমা বেগম ওই এলাকার টোকন মাতুব্বরের স্ত্রী এবং মাদারীপুর জেলার রাজৈর উপজেলার চানপট্টি গ্রামের কুদ্দুস মাতুব্বরের মেয়ে। তার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।
রুমা বেগমের মামা মো. আলী আকবর বলেন, রুমা বেগমের ১৫ বছর আগে ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের দিঘীরপাড় এলাকার টোকন মাতুব্বরের সঙ্গে বিয়ে হয়। তারা ঢাকার বাড্ডা এলাকায় থাকেন। তাদের সংসারে এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। তিনি অভিযোগ করে বলেন, তার ভাগ্নি রুমাকে তার স্বামী নির্যাতন করত।
গোপনে সে আরেকটি বিয়ে করে। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। শনিবার বিকেলে একটি অ্যাম্বুলেন্সে ঢাকা থেকে এনে তার মরদেহ তার স্বামী টোকন মাতুব্বরের বাড়ির পাশে রাস্তার ওপর ফেলে রেখে পালিয়ে যায়। তিনি অভিযোগ করেন, তার ভাগ্নির মৃত্যু স্বাভাবিক নয়।
তাকে মেরে ফেলা হয়েছে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়ারুল ইসলাম বলেন, শনিবার সন্ধ্যায় রুমা বেগম নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার গলায় দাগ রয়েছে। এ ব্যাপারে ভাঙ্গা থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। লাশ পোস্ট মর্টেম করার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রবিবার সকালে প্রেরণ করা হয়েছে।






মন্তব্য