যশোরে ৩ বন্ধুর প্রাণ গেল সড়কে

  • অনলাইন
  • শনিবার, ০৮ অক্টোবর ২০২২ ১১:১০:০০
  • কপি লিঙ্ক

যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট নামক স্থানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন বন্ধু নিহত হয়েছেন। শুক্রবার (৭ অক্টোবর) রাতে এ দুর্ঘটনা ঘটে।  

এরা হলেন- যশোর সদর উপজেলার এড়েন্দা গ্রামের সাইফুল ইসলামের ছেলে আসিফ (২০), বাজে দুর্গাপুর গ্রামের মৃত পাচু গাজীর ছেলে আরমান হোসেন (১৭) এবং একই গ্রামের মৃত আজহার আলীর ছেলে সালমান হোসেন (১৮)।  

এলাকাবাসী জানান, রাতে নতুনহাটের স্টোন ব্রিকস নামক স্থানে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে তারা পৌঁছান।

এরপর দেখতে পান রাস্তার পাশে পালসার (যশোর ল ১৪- ৪৫৬৪) মোটরসাইকেলের তিন আরোহী দুর্ঘটনার শিকার হয়েছেন। ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন। সালমান হোসেনকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে নেয়ার পথে মারা যান। ঝিকরগাছার দিক থেকে তিন বন্ধু রাতে বাড়ি ফিরছিলেন। রাতে অন্ধকার থাকায় দুর্ঘটনাটা বাস অথবা ট্রাকের সাথে হলো তা কেউ নিশ্চিত করতে পারেনি। তবে অধিকাংশের ধারণা, ঢাকাগামী ট্রাকের সাথে দুর্ঘটনা ঘটতে পারে।
নাভারণ হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. আরিফুল ইসলাম দুর্ঘটনার কথা নিশ্চিত করে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে বলেন, মোটরসাইকেলটি কিসের সাথে দুর্ঘটনার শিকার হলো তা নিশ্চিত করা যায়নি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য