গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলাধীন সন্দেহজনক সকল করোনা রোগীর তদন্ত ও প্রয়োজনীয় নমুনা সংগ্রহে তৎপর গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা কুইক রেসপন্স টিম।
সপ্তাহখানেক আগে সন্দেহজনক করোনা রোগীর নমুনা সংগ্রহের জন্য ঢাকা থেকে আগত আইইডিসিআরের টিমের জন্য অপেক্ষা করতে হতো তবে এখন ঢাকা থেকে আগত কোনো টিমের জন্য অপেক্ষা করতে হচ্ছে না। সন্দেহজনক করোনা রোগীর তদন্ত ও নমুনা সংগ্রহে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রস্তুত করেছে করোনা কুইক রেসপন্স টিম।গত ৫ এপ্রিল থেকে এ টিমটি কাজ করা শুরু করেছে।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা মজিদুল ইসলাম জানিয়েছেন গোবিন্দগঞ্জ উপজেলার যেকোনো প্রান্তে করোনা উপসর্গ রয়েছে এমন রোগীর সন্ধান পেলে আমাদের প্রশিক্ষণপ্রাপ্ত করোনা কুইক রেসপন্স টিম দ্রুত সেখানে যাচ্ছে।রোগীর বাড়ীতে গিয়ে রোগীর সাথে কথা বলে যদি করোনা ভাইরাসের উপস্থিতির লক্ষণ উপসর্গ লক্ষ করা যায় তখন দ্রুত সেই রোগীর টেস্টের জন্য প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করা হচ্ছে। পরে দ্রুত সেই সংগ্রহকৃত নমুনা রংপুর মেডিক্যাল কলেজের ল্যাবে টেস্ট করার জন্য পাঠানো হচ্ছে।
তিনি আরও জানান গত ৮ এপ্রিল আমরা খবর পাই উপজেলার শেষ প্রান্তে শালমারা ইউনিয়নে করোনা উপসর্গ রয়েছে এমন রোগী রয়েছে। খবর পেয়ে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধানে পরিচালিত করোনা কুইক রেসপন্স টিম একইদিন রাত ১১টায় দ্রুত সেখানে গিয়ে নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেলের ল্যাবে পাঠায়।
জানা গেছে গোবিন্দগঞ্জ টিম এ পর্যন্ত বেশ কয়েকটি নমুনা সংগ্রহ করে টেস্ট করার জন্য পাঠায় তার সবকটি ফলাফল নেগেটিভ ছিল। গোবিন্দগঞ্জ উপজেলায় এখনো কোনো পজেটিভ করোনা রোগী নেই তবুও উপজেলাবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকগণ।






মন্তব্য