গাইবান্ধা অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা

  • আতিকুর রহমান আতিক, গাইবান্ধা :
  • শুক্রবার, ১০ এপ্রিল ২০২০ ১২:০০:০০
  • কপি লিঙ্ক

গাইবান্ধা জেলায় করোনা ভাইরাসের সংক্রমণরোধে অনির্দিষ্টকালের জন্য পুরো জেলা লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসক মো. আবদুল মতিন।

আজ শুক্রবার (১০ এপ্রিল) বিকেল ৫টা থেকে এই আদেশ কার্যকর হবে বলে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

গণবিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, করোনা ভাইরাস সংক্রামক ঝুঁকি মোকাবেলায় ‘করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটি’ এর সিদ্ধান্ত, সিভিল সার্জন গাইবান্ধার সুপারিশ ও সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনাক্রমে গাইবান্ধা জেলাকে অবরুদ্ধ (লকডাউন) ঘোষণা করা হলো।

এই জেলায় জনসাধারনের প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ করা হয়েছে। পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত সড়ক ও নৌ পথে অন্য কোন জেলা হতে কেউ এই জেলায় প্রবেশ করতে বা অন্য কোন জেলায় গমন করতে পারবে না। জেলার অভ্যন্তরে আন্তঃউপজেলা যাতায়াতের ক্ষেত্রেও একই নিষেধাজ্ঞা বলবত থাকবে।

সকল ধরনের গণপরিবহন, জনসমাগম পূর্বের ন্যায় বন্ধ থাকবে। তবে জরুরী পরিসেবা, যেমন চিকিৎসা, খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ ইত্যাদি এর আওতার বহির্ভূত থাকবে। আদেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে এ ব্যাপারে আরও জানানো হয়, আজকে বিকেল ৫টা থেকে লকডাউন আদেশ কার্যকর হবে। করোনা ভাইরাসের সংক্রমণ থেকে গাইবান্ধাবাসীকে সুরক্ষিত রাখতে এই আদেশ দেয়া হয়েছে।

জেলা প্রশাসক মো. আবদুল মতিন বলেন, আশাকরি, জেলাবাসী নিজেদের পরিবার ও আত্মীয়-স্বজনদের মঙ্গলের কথা চিন্তা করে সরকারের আদেশ মেনে অযথা ঘরের বাহিরে বের হবেন না। এই সংকটময় সময়ে সকলকে সচেতন থাকার জন্য অনুরোধ করেন তিনি।

মন্তব্য