ফরিদপুরের চরভদ্রাসনে অগ্নিকাণ্ডে দুটি পরিবারের তিনটি দোচালা টিনের ঘর আগুনে পুড়ে ছাই হয়েছে। আজ বুধবার দুপুর ২টার দিকে সদর ইউনিয়নের খালাশি ডাঙ্গী গ্রামের মালেক দেওয়ান(৭০) ও তার ছেলে রফিক দেওয়ান(২৬) এর বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে।
এ সময় আগুন নেভাতে গিয়ে দুজন আহত হয়েছেন। আহত একজনকে জেলা হাসপাতালে পাঠানো হয়েছে অপরজন চরভদ্রাসন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আহতরা হলেন ঐ পরিবারের আট মাসের অন্তসত্বা পুত্রবধূ চায়না আক্তার ও প্রতিবেশি স্বাধীন দেওয়ান। এ অগ্নিকাণ্ডে দুটি পরিবারের প্রায় প্রায় দুই লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা জানায় রান্না ঘরের চুলার গরম ছাই থেকে এ আগুনের সূত্রপাত ঘটে। দুপুরে রান্না শেষে চুলা থেকে গরম ছাই উঠিয়ে ঘরের পিছনে স্তুপ দিয়ে রাখে হঠাৎ ঘরের পেছনে দাউদাউ করে আগুন জ্বলতে দেখে। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসে এবং এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানা তাৎক্ষনিক ভাবে ঘটনা স্থলে আসেন এবং ক্ষতিগ্রস্থ পরিবারের প্রতি সমবেদনা জানান। এ সময় উপস্থিত ছিলেন সদর ইউপি চেয়ারম্যান আজাদ খান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কাউসার হোসেন।
উপজেলা প্রশাসনের পক্ষ হতে ক্ষতিগ্রস্থদের এক শত কেজি চাল দেওয়া হয়। এছাড়া ক্ষতিগ্রস্থ পরিবারকে ঘর মেরামতের জন্য নগদ বিশ হাজার টাকা আর্থিক সহায়তা দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কাউসার হোসেন।






মন্তব্য