করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে অবরুদ্ধ শিবচরে সড়ক দুর্ঘটনায় এক অটো চালক নিহত হয়েছেন।
এলাকাবাসী ও পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে শিবচর উপজেলার বহেরাতলা ইউনিয়নের ভেন্নাতলা গ্রামে বেপরোয়া লেগুনা ও অটোবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটো বাইকটি রাস্তার পাশে একটি গাছের সাথে ধাক্কা খায়। গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী অটো চালক হান্নান বেপারীকে (৪০) উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তার অবস্থা আশংকাজনক হলে তাকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ ও পরে সেখান থেকে ঢাকায় প্রেরণ করা হয়।
ঢাকায় নেয়ার পথে রাতে তিনি মারা যান। নিহত হান্নান বেপারী উপজেলার বহেরাতলা ইউনিয়নের সেনেরবাটের আঃ রশিদ বেপারীর ছেলে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহতের লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে মাদারীপুর মর্গে প্রেরণ করা হচ্ছে।






মন্তব্য