গণঅধিকার পরিষদ নেতার মরদেহ উদ্ধার

  • অনলাইন
  • মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫ ০১:১২:০০
  • কপি লিঙ্ক

সিরাজগঞ্জের এনায়েতপুরে গণঅধিকার পরিষদের এক নেতার মরদেহ উদ্ধার করেছে চৌহালী নৌ-পুলিশ। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে উপজেলার জালালপুর ইউনিয়নের পাড়ামোহনপুর এলাকায় যমুনা নদীতে অবস্থানরত একটি ড্রেজার থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের নাম হাফিজুল ইসলাম হাফিজ (৩১)। তিনি এনায়েতপুর থানা গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ছিলেন। হাফিজ এনায়েতপুর উপজেলার বাঐখোলা গ্রামের কমল মুন্সীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, হাফিজুল ইসলাম হাফিজসহ কয়েকজন সহযোগী দীর্ঘদিন ধরে জালালপুর, আড়কান্দি ও পাড়ামোহনপুরসহ আশপাশের এলাকায় বালুর ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। রোববার রাতে ড্রেজারের বাল্কহেডের ইঞ্জিন অংশে সহযোগীদের সঙ্গে রাতের খাবার খেয়ে তিনি সেখানে ঘুমিয়ে পড়েন। সোমবার সকালে তার মৃত্যুর খবর জানাজানি হলে পুলিশকে অবহিত করা হয়।

খবর পেয়ে এনায়েতপুর থানা পুলিশ ও চৌহালী নৌ-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যমুনা নদীতে থাকা ড্রেজার থেকে মরদেহটি উদ্ধার করে।

চৌহালী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফিরোজ উদ্দিন জানান, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য