অবৈধভাবে বালু উত্তোলন: অভিযানে ড্রেজার মেশিনের পাইপ ধ্বংস

  • নুরুল ইসলাম, সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি :
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ ০১:১২:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের সদরপুরে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে ড্রেজার মেশিন ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ড্রেজার মেশিনের পাইপ কেটে বালু উত্তোলন বন্ধ করে দেওয়া হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে অবৈধ বালু উত্তোলনের খবর পেয়ে সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম প্রিয়া সদরপুর উপজেলার আকোটের চর ইউনিয়নের ধোপাডাঙ্গী ও ভাষানচর ইউনিয়নের নলেরটেক গ্রামে অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে দেখা যায়, ধোপাডাঙ্গী এলাকায় ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে প্রায় ১ হাজার ৫০০ ফুট দীর্ঘ পাইপের মাধ্যমে নলেরটেক এলাকায় বালু সরবরাহ করা হচ্ছিল। তবে অভিযান চলাকালে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম প্রিয়া বলেন, “অবৈধভাবে বালু উত্তোলনের প্রমাণ পাওয়ায় ড্রেজার মেশিনের পাইপ কেটে বালু উত্তোলন বন্ধ করে দেওয়া হয়েছে। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য