ফরিদপুর থেকে ‘এজাগ কুক টেক’-এর যাত্রা শুরু: নারী এজেন্টরাই ব্যবসার মূল চালিকা শক্তি

  • নুরুল ইসলাম, সদরপুর (ফরিদপুর)
  • সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫ ১২:১২:০০
  • কপি লিঙ্ক

পরিবেশবান্ধব রান্নার প্রযুক্তি ছড়িয়ে দিতে ফরিদপুরে পথচলা শুরু করলো নতুন কুকিং অ্যাপ্লায়েন্সেস কোম্পানি ‘এসো জাতি গড়ি (এজাগ) কুক টেক’। শুক্রবার (২৮ নভেম্বর) সকাল ১১টায় সদরপুরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. সাব্বির আহমেদ কোম্পানিটির উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধন অনুষ্ঠানে তিনি জানান, এজাগ কুক টেকের লক্ষ্য শুধু পণ্য বিক্রি নয়—বাংলাদেশের গৃহিণী ও বেকার নারীদের এজেন্ট হিসেবে স্বাবলম্বী করা। বর্তমানে ফরিদপুরে ২৪ জন নারী তাদের সঙ্গে কাজ করছেন। ভবিষ্যতে প্রতিটি জেলায় শতাধিক নারীর কর্মসংস্থান তৈরির পরিকল্পনা রয়েছে।

এজেন্ট নারীরা কোম্পানি থেকে সরাসরি পণ্য সংগ্রহ করে বাড়ি-বাড়ি বিক্রি করবেন এবং নির্দিষ্ট লভ্যাংশ পাবেন।

কোম্পানিটি প্রথমে বৈদ্যুতিক মাল্টি কুকার বাজারে আনছে। শিগগিরই সৌরশক্তি চালিত রান্নার প্রযুক্তি চালুর পরিকল্পনাও রয়েছে।

সাব্বির আহমেদ বলেন, “বাংলাদেশে এখনো প্রায় ৪৮% বাড়িতে মাটির চুলায় কাঠ পুড়িয়ে রান্না হয়—যা পরিবেশের জন্য ক্ষতিকর। আমরা পরিবেশবান্ধব মাল্টি কুকার দিয়ে সেই পরিবর্তন আনতে চাই।”

ব্যবসা দ্রুত সম্প্রসারণে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনাও চলছে বলে জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে কোম্পানির কর্মকর্তা এবং নারী এজেন্টরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য