ফরিদপুরসহ ৮ জেলায় বন্যার পূর্বাভাস

  • অনলাইন
  • শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫ ০১:০৮:০০
  • কপি লিঙ্ক

আগামী ৩ দিন পদ্মা নদীর পানি ক্রমাগত বাড়তে পারে এবং সতর্কসীমা (ওয়ার্নিং লেভেল) অতিক্রম করতে পারে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এ তথ্য জানিয়েছে।

এ সময় রাজবাড়ী, ফরিদপুর, পাবনা, মানিকগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, মুন্সীগঞ্জ ও ঢাকা জেলার পদ্মা নদী-সংলগ্ন নিম্নাঞ্চলগুলো সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

পানি উন্নয়ন বোর্ড আরও জানায়, পদ্মার পানি বৃদ্ধির এ ধারা পরবর্তী দুই দিন স্থিতিশীল থাকতে পারে।

একই সঙ্গে, আগামী তিন দিন ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানিও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এ সময় নদীগুলোর পানি সতর্কসীমা ছুঁয়ে যেতে পারে। তবে এরপরের দুই দিন পানির স্তর স্থিতিশীল থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এছাড়া রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীগুলোতেও পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বর্তমানে তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার ১৫ সেন্টিমিটার এবং দুধকুমার নদীর পানি পাটেশ্বরী পয়েন্টে বিপদসীমার ৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

আগামী ১২ ঘণ্টা এই বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। ফলে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। তবে দ্বিতীয় ও তৃতীয় দিনে পানির উচ্চতা কমে বিপৎসীমার নিচে নেমে আসতে পারে। পূর্বাভাসে আরো বলা হয়, গঙ্গা নদীর পানি আগামী দুই দিন স্থিতিশীল থাকবে, এরপর তিন দিন হ্রাস পাবে। মহানন্দা, আপার আত্রাই, টাঙ্গন, পুনর্ভবা ও ঘাঘট নদীর পানি আগামী দুই দিন বাড়তে পারে; আত্রাই নদী সতর্কসীমায় পৌঁছাতে পারে। তৃতীয় দিনে হ্রাস পাবে। সিলেট ও ময়মনসিংহের মনু, ধলাই, খোয়াই ও জিঞ্জিরাম নদীর পানি একদিন স্থিতিশীল থেকে পরে হ্রাস পেতে পারে। সুরমা, কুশিয়ারা, সারিগোয়াইন, যাদুকাটা, লুবাছড়া, ঝালুখালি, ভুগাই ও কংস নদীর পানি আগামী দুই দিন হ্রাস পাবে।

বন্যা পূর্বাভাস বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগে এবং ভারতের পশ্চিমবঙ্গ, সিকিম ও মিজোরামে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত হয়েছে। আগামী ২৪ ঘণ্টায়ও দেশের অভ্যন্তরে ও উজানে মাঝারি থেকে মাঝারি-ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় নদীতে স্বাভাবিকের চেয়ে বেশি জোয়ার দেখা যাচ্ছে, যা আগামী দুই দিন অব্যাহত থেকে তৃতীয় দিনে স্বাভাবিক হতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য