সিগন্যাল অমান্য করে সেতুতে অটোরিকশা-বাইক, ট্রেনের ধাক্কায় নিহত ৩

  • অনলাইন
  • শুক্রবার, ০৬ জুন ২০২৫ ১২:০৬:০০
  • কপি লিঙ্ক

চট্টগ্রামের কালুরঘাট সেতুর ওপরে ঢাকামুখী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একাধিক সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল দুমড়েমুচড়ে গেছে। এতে অন্তত তিনজন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজনে আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ জুন) রাত সাড়ে ১০টার দিকে সেতুর বোয়ালখালী অংশে এ দুর্ঘটনা ঘটে।  

ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। এখন পর্যন্ত পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে, আসিফ উদ্দিন বাপ্পি, আসমা আহমেদ এবং আঞ্জু আরা নামে তিনজনের পরিচয় জানা গেছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পর্যটক এক্সপ্রেস ট্রেনটি সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। ট্রেনটি বোয়ালখালী অংশ থেকে শহরের দিকে কালুরঘাট সেতু পার হয়ে আসার সময় সিগন্যাল দেওয়া হয়েছিল। কিন্তু সিগন্যাল না মেনেই বিপরীত দিক থেকে সেতুর ওপরে উঠে যায় অটোরিকশা মোটরসাইকেলসহ কয়েকটি ছোট যানবাহন। এতে দ্রুতগতিতে আসা ওই ট্রেনটির সঙ্গে যানবাহনগুলোর সংঘর্ষ হয়। 

বিষয়টি নিশ্চিত করে কালুরঘাট ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার আমিনুল ইসলাম জানান, রাত পৌনে ১১টার দিকে তারা দুর্ঘটনার সংবাদ পেয়েছেন। তাদের স্টেশন থেকে অ্যাম্বুলেন্সসহ দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। হতাহতদের উদ্ধার কাজ চলমান রয়েছে বলেও জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার জানান, কালুরঘাট থেকে উদ্ধার করে আহত পাঁচজনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের ক্যাজুয়ালিটি ইউনিটে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য