ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের কুঞ্জনগর বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় অতিদরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি মূল্যে ৩০ কেজি করে চাল বিতরণে ওজনে কম দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
ডিলার সরোয়ার হোসেন মোল্যা নির্ধারিত চালের বস্তা খুলে এবং বস্তা ছিদ্র করে প্রতিবস্তা থেকে ২ থেকে ৪ কেজি চাল সরিয়ে নিয়েছে বলে জানা গেছে। ডিলার সরোয়ার হোসেন মোল্যা এলাকায় প্রভাবশালী হওয়ায়, দীর্ঘদিন ধরে চাল ওজনে কম দিলেও হতদরিদ্ররা কোনো অভিযোগ বা প্রতিবাদ করার সাহস পায়নি।
গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৯ এপ্রিল) বিকালে সহকারী কমিশনার (ভুমি) আহসান মাহমুদ রাসেল ডিলার ছরোয়ার হোসেন মোল্যার চালের গুদাম ঘরে গিয়ে এর সত্যতা পেয়েছেন। এ সময় ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে ডিলার ছরোয়ার হোসেন মোল্যা পালিয়ে যায়। এ ঘটনায় গুদাম ঘর থেকে ডিলারের শ্রমিক গজগা গ্রামের তৈয়াব তপাদারের ছেলে নুরু তপাদারকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা করে তাকে ছেড়ে দেওয়া হয়।
রামনগর ইউপি চেয়ারম্যান কুদ্দুস ফকির বলেন, সরোয়ার মোল্যা এলাকার প্রভাবশালী হওয়ায় তাকে কেউ কিছু বলতে পারে না। ডিলার সব সময় ওজনে কম দেয়। ওর ডিলার শীপ বাতিল করার অনুরোধ করছি।
সহকারী কমিশনার ভুমি আহসান মাহমুদ রাসেল বলেন, গোডাউনে গিয়ে বস্তায় চাল ওজন দিয়ে ৩০ কেজী পরিবর্তে ২৭ / ২৮ কেজী পাওয়া গেছে। লিভারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ডিলারকে না পাওয়ার তার বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট প্রতিবেদন দেওয়া হয়েছে।
মুঠোফোনে ডিলার সরোয়ার মোল্যা বলেন, গুদামে বস্তা থেকে চাল ঝরে পড়ায় বস্তায় চাল কমে গেছে।






মন্তব্য